FSSAI: প্যাকেটে '১০০% খাঁটি' লিখে আর পার পাওয়া যাবে না। FSSAI-এর কড়া পদক্ষেপে এবার বড় বড় ব্র্যান্ডগুলো তাদের প্যাকেট থেকে বিভ্রান্তিকর দাবি তুলতে বাধ্য হল। তালিকায় রয়েছে অ্যামওয়ে থেকে ইমামি, বন বিস্কুটের মতো ৫টি পরিচিত সংস্থা। কোন কোম্পানি কী ভুল দাবি করছিল? দেখুন।
Food ItemsI: প্যাকেটে '১০০% খাঁটি' দেখলেই আমরা ভাবি এটাই সেরা। দোকানে গিয়ে আমরা সবাই একই ভুল করি। যে প্যাকেটে বড় বড় করে লেখা থাকে '১০০% Pure', '১০০% Natural' বা '১০০% Whole Grain', আমরা সেটাই তুলে নিই। মনে হয় এটাই সবচেয়ে খাঁটি আর বাকিগুলো ভেজাল। কোম্পানিগুলো আমাদের এই বিশ্বাসটাকেই ব্যবসা বানিয়ে ফেলেছিল। কিন্তু FSSAI এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতের Food Safety Act-এ '১০০%' শব্দের কোনও আইনি সংজ্ঞাই নেই। এই শব্দ ব্যবহার করে ক্রেতাকে বিভ্রান্ত করা হচ্ছে এবং পরোক্ষভাবে বাকি কোম্পানিগুলোকে ছোট করা হচ্ছে, যা Advertising Rules-এর Sub-regulation 10(7) অনুযায়ী পুরোপুরি বেআইনি। তাই শুধু অ্যাডভাইজারি নয়, এবার সরাসরি অ্যাকশন শুরু হয়েছে। আর সেই কোপে পড়েছে বাজারের পাঁচটি বড় পরিচিত ব্র্যান্ড।
কোন ৫ কোম্পানিকে লেবেল বদলাতে হল?
১. বন বিস্কুট প্রাইভেট লিমিটেড
এই সংস্থা তাদের জনপ্রিয় 'জিরা বাইট' বিস্কুটের বিজ্ঞাপনে '১০০% হোল গ্রেইন' বা সম্পূর্ণ শস্যের দাবি করে আসছিল। FSSAI আপত্তি জানানোর পরেই সেই দাবি সরিয়ে নেওয়া হয়।
২. এপিস ইন্ডিয়া ও ইমামি লিমিটেড
জনপ্রিয় 'ঝান্ডু হানি' বা মধুর প্যাকেটে আগে '১০০% মধু' লেখা থাকত। নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপে সেই বিভ্রান্তিকর দাবি এখন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
৩. অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ
তাদের 'পারসোনা কোকোনাট অয়েল' বা নারকেল তেলকে '১০০% খাঁটি' বলে বিক্রি করা হচ্ছিল। সরকারি আপত্তির পর ওয়েবসাইট থেকে সেই দাবি হটিয়েছে কোম্পানি। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে নতুন প্যাকেজিং বাজারে আসবে।
৪. জুজা ফুডস (কেরালা)
শিশুদের খাবারে '১০০% রাগি', '১০০% ভেগান' এবং '১০০% ক্লিন ইনগ্রেডিয়েন্টস'-এর মতো ভুয়া দাবি করা হচ্ছিল। সঠিক প্রমাণ না থাকায় FSSAI-এর কোপে পড়ে আপাতত নিজেদের ই-কমার্স ওয়েবসাইট পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে এই সংস্থা।
৫. মাস্টারচাও ফুডস
এই ব্র্যান্ডের 'রামেন নুডুলস'-এ '১০০% ন্যাচারাল' বা প্রাকৃতিক তকমা সাঁটানো ছিল, যা নিয়মের সঙ্গে মেলে না। কড়া পদক্ষেপের জেরে অবিলম্বে প্যাকেজিং বদলাতে হয়েছে তাদের।
আপনার কী লাভ?
FSSAI-এর এই কড়া পদক্ষেপে সবচেয়ে লাভ হলো আপনার মতো সাধারণ ক্রেতার। এখন থেকে কোম্পানিগুলো আর '১০০% খাঁটি' বলে ধোঁকা দিতে পারবে না। তাদের লিখতে হবে আসলে প্যাকেটের ভিতরে কী আছে, কত শতাংশ আছে। ফলে আপনি টাকা দিয়ে সঠিক জিনিসটাই কিনতে পারবেন। এর পর থেকে কোনো প্যাকেটে এমন দাবি দেখলে Food Safety Connect অ্যাপে সরাসরি অভিযোগ জানাতে পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


