ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিরোধীদের প্রতিবাদের মোকাবিলায় দেশজুড়ে প্রচার অভিযানে নামছে বিজেপি। ৫ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের এই কর্মসূচি। দ্বিতীয় ধাপটি ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষ, যুবসমাজ ও পেশাদারদের কাছে পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে বিজেপি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিরোধীদের প্রতিবাদের মোকাবিলায় দেশজুড়ে প্রচার অভিযানে নামছে বিজেপি। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের এই কর্মসূচি। দ্বিতীয় ধাপটি ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষ, যুবসমাজ ও পেশাদারদের কাছে পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। দলের লক্ষ্য, ভোটার তালিকা সংশোধন এবং SIR প্রক্রিয়া সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি। এই প্রক্রিয়া বাতিলের দাবি থেকে শুরু করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও উঠেছে। বিরোধীদের এই আন্দোলনের পাল্টা নিজেদের বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায় বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশে এই প্রচার কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
জেলায় জেলায় পদযাত্রা, জনসংযোগে জোর
এই অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার সদরে পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রতিটি পদযাত্রায় প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণের লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় নাগরিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় কর্মসূচির আয়োজন করা হবে। এই কর্মসূচিতে ভোটার তালিকা, SIR প্রক্রিয়া এবং সাংবিধানিক নিয়মকানুন নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
যুবসমাজ ও পেশাদারদের কাছে পৌঁছনোর পরিকল্পনা
বিশ্ববিদ্যালয়, কলেজ, আইটিআই এবং বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে বিজেপি। যুবক-যুবতী ও পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলে SIR সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হবে। দলের লক্ষ্য, প্রায় ১৫ দিনের এই অভিযানে দেশজুড়ে ১০ লক্ষেরও বেশি যুবক ও পেশাদারের সঙ্গে যোগাযোগ করা।
সাংবাদিক বৈঠক ও সোশ্যাল মিডিয়াতেও প্রচার
দেশের জাতীয়, রাজ্য ও জেলা স্তরে সাংবাদিক বৈঠক করবে বিজেপি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ভোটার তালিকা সংশোধন, SIR এবং সাংবিধানিক বিধান সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরবে দল। এ ছাড়া প্রতিরক্ষা, বিজ্ঞান, পরিকাঠামো, প্রযুক্তি ও জনকল্যাণের ক্ষেত্রে ভারতের সাফল্যও প্রচার অভিযানে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। অনুপ্রবেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিষয়টিও SIR-এর সঙ্গে যুক্ত করে তুলে ধরতে চায় বিজেপি।
SIR ঘিরে রাজনৈতিক সংঘাত কি আরও বাড়বে?
একদিকে SIR-এর বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন, অন্যদিকে এই প্রক্রিয়ার সমর্থনে বিজেপির দেশজুড়ে জনসংযোগ—দুই শিবিরের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করাই এখন বিজেপির অন্যতম লক্ষ্য।







