একটি বেসরকারি টিভি চ্যানেলের সামিটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন রাহুল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, গোটা বিশ্ব যখন একটা নতুন দিশা খুঁজছে, তখন দেশের ভেতরেই কিছু মানুষ 'অশান্তির স্বপ্ন' দেখছেন।

রাহুলের কড়া সমালোচনায় মোদী

মোদী এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে কংগ্রেস নেতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, "এই ধরনের মানুষজন ভারতের ভাবমূর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে।" মোদী আরও বলেন, "এঁরা বিদেশে গিয়ে দেশের বদনাম করেন। বিদেশিদের আমাদের দেশের বিষয়ে নাক গলাতে অনুরোধ করেন। একটা 'ফেল হওয়া প্রোডাক্ট'কে বারবার লঞ্চ করতে গিয়ে কংগ্রেস আর কতদিন দেশকে বিপদে ফেলবে, সেটাই আশ্চর্যের। শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে এক বছরে যতগুলো রকেট লঞ্চ হয় না, তার চেয়ে বেশিবার নিজেদের নেতাকে লঞ্চ করতে গিয়ে ফেল করেছে কংগ্রেস। কংগ্রেস নিজেদের পতন ডেকে আনতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।"

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গান্ধী পরিবারের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস এখন ভারতের সাফল্য নিয়েই প্রশ্ন তুলছে। তিনি বলেন, "নিজেদের পরিবারের টানা ব্যর্থতার দাগ মুছতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। আর সেই কারণেই তারা এখন ভারতের সাফল্য, গুণমান আর অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করছে।"

মোদীর নিশানায় দিমাগি নকশাল

মোদীর অভিযোগ, কংগ্রেসের এই 'চেঁচামেচি'-র চোটে আসল বিরোধীদের গলা শোনাই যায় না। তিনি বলেন, 'দিমাগি নকশাল'রা এখন কংগ্রেসের চিন্তাভাবনা পুরোপুরি দখল করে নিয়েছে। তাঁর কথায়, "যাঁরা গণতান্ত্রিক উপায়ে সরকারের বিরুদ্ধে নিজেদের মত জানাতে চান, কংগ্রেসের এই হইহট্টগোলে তাঁদের আওয়াজ ঢাকা পড়ে যায়।" সমালোচনা চালিয়ে গিয়ে মোদী বলেন, "'দিমাগি নকশাল'রা কংগ্রেসের মগজ এমনভাবে হাইজ্যাক করেছে যে, দলটার নিজেদের আর ভাবার কোনও ক্ষমতাই নেই।"

সম্প্রতি ভোটচুরির অভিযোগ তুলে কংগ্রেস সরব হয়েছে। পাল্টা আন্দোলনের পথে ককরোচ জনতা পার্টিও। দুটি সংগঠন আলাদা ভাবে আন্দোলন করলেও বিজেপি অভিযোগ দুটি সংগঠনের মধ্যে যোগসাজশ রয়েছে। তা এদিন আবারও পরিষ্কার করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।