Bypoll 2026: তামিলনাড়ুর রাজনীতিতে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন (MK Stalin)-কে ঘিরে জোর জল্পনা। বিধানসভা ভোটে দলের ভরাডুবির সঙ্গে নিজের কেন্দ্রেও হেরে গিয়েছিলেন স্ট্য়ালিন।তামিল রাজনীতিতে এবার প্রত্যাবর্তনে মরিয়া ডিএমকে প্রধান।

Bypoll 2026: তামিলনাড়ুর রাজনীতিতে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন (MK Stalin)-কে ঘিরে জোর জল্পনা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির সঙ্গে নিজের কেন্দ্রেও হেরে গিয়েছেন স্ট্য়ালিন। বিজয় ঝড়ে উড়ে যাওয়ার পর তামিল রাজনীতিতে এবার প্রত্যাবর্তনে মরিয়া ডিএমকে প্রধান। সূত্রের খবর, বিধানসভায় ফিরতে এবার উপনির্বাচনের ময়দানে নামবেন এমকে স্ট্যালিন। এবারের ভোটে বিজয় দুটি আসনে দাঁড়িয়ে দুটিতেই জিতে মুখ্যমন্ত্রী হন। ঠিক যেমন বঙ্গ রাজনীতিতে করে দেখান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী, একটি আসন ছেড়ে দিয়েছেন বিজয়। বিজয়ের ছেড়ে যাওয়া সেই আসনে হবে উপনির্বাচন। শুক্রবার DMK-র তিরুচি সাউথ জেলা কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিশেষ প্রস্তাব পাশ করে দলের সভাপতি স্ট্যালিনকে বিজয়ের ছেড়ে যাওয়া তিরুচি পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ার আবেদন জানানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তিরুচি পূর্ব আসনে ৫০ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়

জানা গিয়েছে, দলের জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী আনবিল মহেশ পোয়মোঝি এই প্রস্তাব উত্থাপন করেন। একই দিনে চেন্নাইয়ের আন্না আরিভালয়মে স্ট্যালিনের নেতৃত্বে রাজ্যস্তরের ডিএমকে কার্যনির্বাহী কমিটির বৈঠকের পরই তিরুচিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিরুচি ইস্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অভিনেতা-রাজনীতিক বিজয়। তাঁর দল টিভিকে (Tamilaga Vettri Kazhagam)-এর প্রার্থী হিসেবে তিনি ডিএমকের এস ইনিগো ইরুদয়ারাজকে প্রায় ২৭ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে ৯১ হাজারেরও বেশি ভোট সংগ্রহ করেছিলেন বিজয়। তবে একইসঙ্গে পেরাম্বুর কেন্দ্র থেকেও জয়ী হওয়ায় মুখ্যমন্ত্রী পদে বসার পর বিজয়ের তিরুচি ইস্ট আসন ছাড়তে হয়। সেই কারণেই আসন্ন উপনির্বাচন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্ক।

ফিরে আসার লড়াইয়ে স্ট্যালিন

এবার সেই শূন্য আসন থেকেই স্ট্যালিনকে লড়ানোর দাবি তুলেছে ডিএমকের স্থানীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, এটি শুধুমাত্র একটি নির্বাচনী কৌশল নয়, বরং দলের ভিতরে নতুন করে আত্মবিশ্বাস ফেরানোরও চেষ্টা। কারণ এবারের নির্বাচনে ডিএমকের ফল অত্যন্ত হতাশাজনক ছিল। যেখানে টিভিকে জোট ১০৭টির বেশি আসনে জয় পেয়েছে, সেখানে ডিএমকে জেতে মাত্র ৫৯টি আসনে। সবচেয়ে বড় ধাক্কা ছিল স্ট্যালিনের নিজস্ব কেন্দ্র কোলাথুরে পরাজয়। টিভিকের প্রার্থী ভি এস বাবুর কাছে হেরে যান তিনি। ফলে বর্তমানে তিনি বিধানসভার সদস্য নন। সেই পরিস্থিতিতে তিরুচি ইস্ট থেকে লড়লে আবারও বিধানসভায় প্রত্যাবর্তনের সুযোগ পাবেন স্ট্যালিন।

বড় ধাক্কার পর এত দ্রুত ভোটে লড়ার সিদ্ধান্ত নেবেন কি?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিজয়ের ছেড়ে দেওয়া আসন থেকে স্ট্যালিনের লড়াই হলে তা প্রতীকী লড়াই হিসেবেও দেখা হবে। কারণ নতুন শক্তি হিসেবে উঠে আসা টিভিকে সরাসরি ডিএমকের রাজনৈতিক জমিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ফলে এই উপনির্বাচন দুই শিবিরের মর্যাদার লড়াই হয়ে উঠতে পারে। যদিও এখনও পর্যন্ত স্ট্যালিন বা ডিএমকের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। জেলা কমিটির প্রস্তাবকে আপাতত সুপারিশ হিসেবেই দেখা হচ্ছে। তবে দলের অন্দরে 'DMK 2.0' সংগঠন পুনর্গঠনের ডাক, জনসংযোগ কর্মসূচি এবং নির্বাচনী ধাক্কার দায় নিজের কাঁধে নেওয়ার পর এই প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তামিল রাজনীতির গুরুত্বপূর্ণ অঞ্চল তিরুচি

তিরুচি অঞ্চল বরাবরই তামিল রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। নির্বাচনের সময় স্ট্যালিন নিজেও সেখানে একাধিক সভা করেছিলেন। তাই এই কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মত পর্যবেক্ষকদের।