Security Aalert: স্বাধীনতা দিবসের আগের দিন বিস্ফোরণের হুমকি-ইমেল দিল্লি হাইকোর্টে, নিশানায় লালকেল্লাও। খলিস্তান-যোগের ইঙ্গিত, তল্লাশি বম্ব স্কোয়াডের। জানুন গোটা ঘটনা।
স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, শুক্রবার সকাল ১১টা ৪৩ মিনিটে দিল্লি হাইকোর্টে আসে একটি হুমকি-ইমেল। ইমেলের সাবজেক্ট লাইনেই লেখা ছিল, "30 MB Blast at the Delhi High Court", সঙ্গে উল্লেখ ছিল নির্দিষ্ট একটি সময়েরও। ইমেলে ১৫ অগস্টের প্রসঙ্গ টেনে সরাসরি লালকেল্লাকে নিশানা করার হুমকিও দেওয়া হয়। শুধু হাইকোর্ট নয়, একই সময়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ জায়গাতেও এই ধরনের হুমকিবার্তা পৌঁছয় বলে সূত্রের খবর।
হুমকি-ইমেলে আরও দাবি করা হয়, বিস্ফোরণের কাজে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁরা সকলেই থাকবেন খাকি পোশাকে। সূত্রের দাবি, ইমেলে উল্লেখ ছিল 'খলিস্তান'-এর নামও। খবর পাওয়ার পরই দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সরাসরি যোগাযোগ করেন দিল্লি পুলিশের সঙ্গে। দ্রুত হাইকোর্ট চত্বরে পৌঁছয় বম্ব স্কোয়াড, চলে তন্ন তন্ন করে তল্লাশি। যদিও সূত্রের খবর, সন্দেহজনক কিছু মেলেনি।
গোটা বিষয়টির সত্যতা স্বীকার করেছেন দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের (DHCBA) যুগ্ম সম্পাদক, আইনজীবী কুণাল মালহোত্রা। তিনি জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তাঁর কথায়, পুলিশ ইতিমধ্যেই প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে। তবে হুমকিটি আদৌ সত্যি কি না, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টে এই ধরনের হুমকি নতুন নয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেও একই ধরনের হুমকি-ইমেল পেয়েছিলেন রেজিস্ট্রার জেনারেল, তখনও তল্লাশি চালিয়েছিল নিরাপত্তা সংস্থাগুলি। প্রসঙ্গত সম্প্রতি দিল্লি থেকে গ্রেফতার হয়েছিল 'পাক সমর্থিত' শাহজাদ ভট্টী মডিউলের ন'জন জঙ্গি, যাদের দিল্লির একটি প্রসিদ্ধ মন্দির ও হরিয়ানার সেনাছাউনিতে হামলার ছক ছিল বলে তদন্তে উঠে আসে। তারপর থেকেই স্লিপার সেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। তারই মধ্যে নতুন করে হুমকি আসায় স্বাধীনতা দিবসের আগে রাজধানী জুড়ে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে — শহরে ঢোকা-বেরোনোর রাস্তায় চেকিং কড়া হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, আর জনসমাগমস্থলগুলিতেও চলছে বাড়তি নজরদারি।


