Dhanush School Donation: গ্ল্যামার আর আলোর দুনিয়ার ব্যস্ততার মাঝেও নিজের শিকড়কে ভোলেননি দক্ষিণী তারকা ধনুষ। নিজের পুরনো স্কুলের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেতা। চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনটির উদ্বোধন করা হয়।

Dhanush School Donation: গ্ল্যামার আর আলোর দুনিয়ার ব্যস্ততার মাঝেও নিজের শিকড়কে ভোলেননি দক্ষিণী তারকা ধনুষ। নিজের পুরনো স্কুলের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেতা। চেন্নাইয়ের যে স্কুলে এলকেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন, সেই স্কুলেই সম্পূর্ণ নিজের খরচে একটি সুদৃশ্য তিন তলা কংক্রিটের ভবন তৈরি করে উপহার দিলেন তিনি। বুধবার চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনটির উদ্বোধন করা হয়। সেখানে সশরীরে উপস্থিত ছিলেন ধনুষ। স্কুলের আগের পুরনো চালার ঘরটি ভেঙে সেখানে এই আধুনিক ভবনটি গড়ে তোলা হয়েছে। অভিনেতার অসামান্য এই অবদানের কথা স্মরণ করে নতুন এই ভবনের নামকরণ করা হয়েছে 'ধনুষ ব্লক'।

স্কুলকে ফিরিয়ে দিলেন ভালোবাসা

স্কুলকে ফিরিয়ে দিলেন ভালোবাসা! নিজের খরচে তিনতলা ভবন বানিয়ে নজির গড়লেন ধনুষ। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানটি ধনুষের জন্য অত্যন্ত আবেগঘন হয়ে উঠেছিল। বহু বছর পর প্রিয় প্রাঙ্গণে ফিরে আবেগ ধরে রাখতে পারেননি তারকা। অনুষ্ঠানে উপস্থিত নিজের সমস্ত পুরনো শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তাঁদের আশীর্বাদ নেন তিনি। প্রিয় শিক্ষকদের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন ধনুষ। অভিনেতার শৈশবের দিনগুলিকে আরও বেশি করে মনে করিয়ে দিতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁর ১৯৯৯ ব্যাচের সহপাঠীরা। বিশেষত, ধনুষের সহপাঠী ও প্রখ্যাত চিত্রগ্রাহক কুমারন এবং তাঁর স্ত্রী লক্ষ্মী কৃপা উপস্থিত ছিলেন সেখানে। জানা গিয়েছে, ধনুষ, কুমারন এবং লক্ষ্মী কৃপা,তিনজনই এলকেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছেন।

স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান

নিজের সাফল্যের দিনে পরিবারকেও পাশে পেয়েছিলেন ধনুষ। এই বিশেষ শুভক্ষণে দাদার পাশে থাকতে অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতার দুই বোন কার্তিকা দেবী ও বিমলাগীতা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ধনুষের দান করা এই তিন তলা ভবনটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আধুনিক সুবিধা এনে দেবে। পুরনো ঘর বদলে গিয়ে এই নতুন পরিকাঠামো পাওয়ায় আনন্দিত বর্তমান শিক্ষার্থীরাও। শৈশবের স্কুল, শিক্ষক আর সহপাঠীদের পুনর্মিলনে বুধবাসরীয় এই উদ্বোধনী অনুষ্ঠানটি কেবল একটি ভবনের উন্মোচনেই সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছিল স্মৃতির এক আবেগঘন কোলাজ।