Facebook-Instagram Issues: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে শুক্রবার সন্ধেবেলা হঠাৎই সমস্যা তৈরি হয়েছে। অনেকেই জানিয়েছেন, তাঁরা লগ ইন করতে পারছেন না। এখন বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলছে। এই পরিস্থিতিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারায় অনেকেই ক্ষুব্ধ।
KNOW
Facebook-Instagram Down: শুক্রবার সন্ধে থেকে হঠাৎই দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে সমস্যা হচ্ছে। শুধু ভারতই নয়, অন্য অনেক দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছেন। বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কেউ লগ ইন করতে পারছেন না, আবার কারও ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ লগ আউট হয়ে গিয়েছে। কারও ক্ষেত্রে আবার প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। শুক্রবার সন্ধে সাতটা বেজে ২০ মিনিট থেকে এই সমস্যা বেড়েছে। এখনও পর্যন্ত এই সমস্যা মেটেনি। লক্ষাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। মেটার (Meta) পক্ষ থেকে এই সমস্যার কথা স্বীকার করা হয়েছে। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন (Andy Stone) 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, ‘আমরা জানি যে অনেকেই এখন আমাদের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। আমরা এই সমস্যা মেটানোর চেষ্টা করছি।’

হোয়াটসঅ্যাপেও সমস্যা
বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল অ্যাপের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও সমস্যা হচ্ছে। অনেকে আবার জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। যদিও খুব বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যার কথা জানাননি।
'এক্স' হ্যান্ডলে ক্ষোভ
ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পেরে অনেকেই 'এক্স' হ্যান্ডলে ক্ষোভপ্রকাশ করছেন। সবার ক্ষেত্রে একইরকম সমস্যা হচ্ছে না। অনেকে জানিয়েছেন, ওয়েব প্ল্যাটফর্মে ফেসবুকে লগ ইন করতে পারছেন কিন্তু মোবাইল অ্যাপে সমস্যা হচ্ছে। অনেকে আবার জানিয়েছেন, ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সবমিলিয়ে মেটার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অতীতেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্মে সমস্যা হয়েছে। কিন্তু এদিন যে ধরনের সমস্যা হয়েছে, তা অতীতে হয়নি। এই কারণেই ক্ষোভ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কতক্ষণে এই সমস্যার পুরোপুরি সমাধান করা সম্ভব হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি মেটা। এই কারণেও ক্ষোভ বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


