অযোধ্যার রাম মন্দিরে আসা অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে FIR দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে এতো দিন পরে শেষপর্যন্ত একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৬, ৩১৬(৫), ৩১৭(৪), ৩১৭(৫), ৬১ এবং ৩(৫) ধারায় এই মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর সমাজবাদী পার্টির বিধায়ক রবিদাস মেহোরাত্রো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন।

সমাজবাদী পার্টির বিধায়ক বলেন, "অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে FIR দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। এর থেকেই স্পষ্ট যে বিষয়টি অত্যন্ত গুরুতর। রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ ওঠার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর একদিনও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ তদন্ত হোক। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এত নিরাপত্তা এবং পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে এত বড় চুরি হল, তা খুঁজে বের করতে হবে। এর জন্য কারা দায়ী, তা নির্ধারণ করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।"
রাম মন্দির থেকে ৭.৫ কোটি টাকা লুঠ
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক পবন পাণ্ডে প্রথম এই দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, রাম মন্দির থেকে প্রায় ৭ থেকে ৭.৫ কোটি টাকার অনুদান নয়ছয় করা হয়েছে। এই অভিযোগের পরেই, গত ১৪ জুন শ্রী রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের অনুরোধে রাজ্য সরকার একটি তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে।এদিকে, এই অভিযোগের তদন্তের জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদনও জমা পড়েছে। আবেদনে আদালতের নজরদারিতে তদন্তের দাবি করা হয়েছে।
আবেদনটিতে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক অনিয়ম, অব্যবস্থা এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের তদন্তে FIR দায়ের এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর অধীনে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আর্জি জানানো হয়েছে।


