প্রথমে আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের পর প্রকাশ্যে এল আসল সত্যি। ভিনজাতে সম্পর্ক থাকায় নিজের ২১ বছরের মেয়েকে খুন করল বাবা।

গুজরাটের একটি মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে ২১ বছরের সানিয়া প্যাটেলের মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করা হলেও, পরে জানা যায় এটি আসলে একটি খুন। ভিনজাতে সম্পর্ক থাকার কারণে তাঁর বাবাই তাঁকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গুজরাটের আনন্দ জেলায় নিজের ২১ বছর বয়সী মেয়েকে অন্য সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখার কারণে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ৫০ বছর বয়সী বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটে খাম্বাতে, ৮ নভেম্বরের রাতে। অভিযুক্ত বাবা, কৌশল প্যাটেল, নিজের মেয়ের ওড়না দিয়েই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। পুলিশ সূত্রে খবর, ভাদোদরা থেকে ব্যাচেলর অফ কমার্স (বি.কম) পাশ করার পর সানিয়া নিজের দেশের বাড়িতে ফিরে এসেছিলেন।

সানিয়ার সম্পর্কে তীব্র আপত্তি ছিল বাবার

জানা গিয়েছে, নিজের গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন সানিয়া এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। প্রায় এক বছর ধরে বাবা এই সম্পর্কের কথা জানতেন। কিন্তু দু'জনে ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় তাঁর তীব্র আপত্তি ছিল।

গত কয়েক মাস ধরে এই সম্পর্ক নিয়েই বাবা ও মেয়ের মধ্যে অশান্তি চলছিল। কৌশল বারবার সানিয়াকে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য চাপ দিলেও, মেয়ে ফোনে কথা চালিয়ে যান। এর জেরে পরিবারে অশান্তি আরও বাড়ে।

কীভাবে খুন করা হল?

পুলিশ জানিয়েছে, ৮ নভেম্বর রাতে পরিবারের সবাই বাড়িতেই ছিলেন এবং নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন। রাত ৩টে ১৫ মিনিট নাগাদ, কৌশল রান্নাঘরে সানিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বচসায় জড়ান।

তর্কাতর্কির সময় বাবা নাকি তাঁকে বলেন, "আমি যদি তোর গলা টিপে দিই?" সানিয়া প্রথমে কথাটাকে গুরুত্ব দেননি। কিন্তু এরপরই তাঁর বাবা ওড়না দিয়ে সানিয়ার গলা পেঁচিয়ে ধরেন। জ্ঞান হারানোর পর মৃত্যু হয় ওই তরুণীর।

পরদিন, ৯ নভেম্বর সকাল ৮টা নাগাদ পরিবারের লোকজন সানিয়ার মৃতদেহ খাম্বাত সরকারি হাসপাতালে নিয়ে যান। প্রথমে অভিযুক্ত বিষয়টিকে আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করেছিল। কিন্তু ডাক্তারি পরীক্ষায় গলায় ফাঁসের দাগ দেখে আসল সত্যিটা সামনে আসে।

নিজের অপরাধ স্বীকার বাবার

এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করার প্রমাণ মেলে। পরে পুলিশের জেরায় কৌশল নিজের মেয়েকে খুনের কথা স্বীকার করে নেয় বলে অভিযোগ।