India Independence Day 2026: শনিবার সকাল থেকে দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারও স্বাধীনতা দিবস পালন করছে। কর্ণাটক (Karnataka) সরকারও স্বাধীনতা দিবস পালন করছে। কিন্তু দক্ষিণ ভারতের এই রাজ্যের এক মন্ত্রী স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে থাকতে চাইলেন না। কারণ, তিনি অন্য কাজে ব্যস্ত।
KNOW
Karnataka Housing Minister Zameer Ahmed Khan: স্বাধীনতা দিবসে (Independence Day 2026) কর্ণাটকের বিজয়নগর (Vijayanagara) জেলায় জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন মন্ত্রী জামির আহমেদ খান। বিজেপি (BJP) তাঁর বিরুদ্ধে জাতীয় উৎসবকে অসম্মান করার অভিযোগ তুলে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছে। বেঙ্গালুরুর (Bengaluru) চামরাজপেটের (Chamarajpet) বিধায়ক তথা কর্ণাটকের আবাসন মন্ত্রী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে (Chief Minister D K Shivakumar) চিঠি দিয়ে ১৫ আগস্ট বিজয়নগরে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব থেকে অব্যাহতি চান। একই সঙ্গে বিজয়নগর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
ব্যস্ততার অজুহাত মন্ত্রীর
কর্ণাটকের আবাসন মন্ত্রীর দাবি, সামনে স্থানীয় নির্বাচন, গ্রেটার বেঙ্গালুরু অথরিটি নির্বাচন, বিধানসভা উপনির্বাচন এবং দলীয় সাংগঠনিক কর্মসূচি রয়েছে। ফলে কোনও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করার মতো পর্যাপ্ত সময় তাঁর হাতে থাকবে না। চিঠিতে মন্ত্রী জানান, তাঁকে ১৫ আগস্ট বিজয়নগরে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না। তাই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। এরপর রাজ্য সরকার বিজয়নগরে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের দায়িত্ব দেয় মন্ত্রী কে এস বাসবনথাপ্পাকে (K S Basavanthappa)।
মন্ত্রীকে অপসারণের দাবি বিজেপি-র
ঘটনাটি শুক্রবার কর্ণাটক বিধানসভায় তুলে ধরে বিজেপি। দলের প্রবীণ বিধায়ক সুনীল কুমার (BJP MLA Sunil Kumar) প্রশ্ন তোলেন, একজন মন্ত্রী কীভাবে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে পারেন? সুনীল বলেন, ‘একজন মন্ত্রী যদি জাতীয় উৎসবে উপস্থিত থাকতে না পারেন, তাহলে এমন মন্ত্রীকে রাখার প্রয়োজন কী? তিনি কি এতটাই বড় ও ব্যস্ত যে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন না?’ মন্ত্রীর চিঠি বিধানসভায় তুলে ধরে বিজেপি বিধায়ক দাবি করেন, এই ধরনের আবেদন জাতীয় পতাকা ও স্বাধীনতা দিবসের প্রতি অসম্মানের বার্তা দেয়। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবিও জানিয়েছে বিজেপি। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের মতো গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব থেকে মন্ত্রীর অব্যাহতি চাওয়ার ঘটনা এখন কর্ণাটকের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


