Ajit Doval: মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী হাসান রশিদের সঙ্গে অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভে দেখা করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা এবং পুরোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।
Ajit Doval: অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অজিত ডোভালের (Ajit Doval) বৈঠক। মঙ্গলবার, অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর ফাঁকে মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় পরিষেবা মন্ত্রী হাসান রশিদের সঙ্গে দেখা করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। ভারত ও মালদ্বীপের মধ্যে যে দীর্ঘদিনের পুরোনো সম্পর্ক রয়েছে, এই বৈঠকের মাধ্যমে সেটাই আরও একবার নিশ্চিত করা হলো। পাশাপাশি দুই দেশই নিজেদের স্বার্থজড়িত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছে এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করার উপায় খুঁজেছে।
মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন অজিত ডোভাল
বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়ে মালদ্বীপে থাকা ভারতীয় হাইকমিশন এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, "ভারতের এনএসএ মহামান্য অজিত ডোভাল অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভের ফাঁকে মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় পরিষেবা মন্ত্রী মহামান্য হাসান রশিদের সঙ্গে দেখা করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত করার উপায় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।" মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় পরিষেবা মন্ত্রকও এক্স-এ একটি পোস্ট করে দুই দেশের পুরোনো সম্পর্ক মজবুত করার বিষয়ে জোর দিয়েছে। মন্ত্রকের তরফ থেকে লেখা হয়েছে, "ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহামান্য অজিত ডোভাল সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা ও জাতীয় পরিষেবা মন্ত্রী মাননীয় হাসান রশিদের সঙ্গে। এই বৈঠক দুই দেশের পারস্পরিক স্বার্থ জড়িত বিষয় নিয়ে মতবিনিময়ের একটা ভালো সুযোগ তৈরি করে দিয়েছে। মালদ্বীপ এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের অংশীদারি ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার প্রতিশ্রুতিও এ দিন নিশ্চিত করা হয়েছে।"
জোর দিলেন নিরাপত্তায়
ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মালদ্বীপে অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের নবম ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার স্তরের বৈঠকটি ভার্চুয়ালি আয়োজন করেছিল ভারত, আর তার ঠিক পরেই এই বৈঠকটি হলো। সেখানে বাংলাদেশ, মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা ও সেশেলস অংশগ্রহণ করেছিল। বিদেশ মন্ত্রক (এমইএ) জানিয়েছে, সদস্য দেশগুলো ২০ নভেম্বর ২০২৫ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিএসসির সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর পাশাপাশি ২০২৫-২০২৬ সালের সহযোগিতার রোডম্যাপ ও কার্যকলাপগুলো খতিয়ে দেখেছে। সহযোগিতার পাঁচটি স্তম্ভ জুড়ে প্রশিক্ষণ এবং দক্ষতা-বৃদ্ধির কর্মসূচি আয়োজনের অগ্রগতিও নজরে রেখেছে সদস্য দেশগুলো। বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো ভারত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়গুলোতে সহযোগিতা জোরদার করার পাশাপাশি মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের ক্ষেত্রেও তাদের অংশীদারি চালিয়ে যাওয়ার সংকল্প আরও একবার ব্যক্ত করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















