- Home
- India News
- Indian Railways: ভারতে মোট কতগুলো ট্রেন চলে? রোজ কত কোটি মানুষ যাতায়াত করেন জানলে অবাক হবেন
Indian Railways: ভারতে মোট কতগুলো ট্রেন চলে? রোজ কত কোটি মানুষ যাতায়াত করেন জানলে অবাক হবেন
Indian Railways: ভারতের প্রধান পরিবহণ ব্যবস্থা হল রেলওয়ে। রোজ কয়েক কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। দেশে মোট কতগুলো ট্রেন আছে? এর মধ্যে মালগাড়িই বা কটা? আর যাত্রীবাহী ট্রেনই বা কতগুলো? জেনে নিন বিস্তারিত।

প্রথম ট্রেন যাত্রা
ভারতের পরিবহণ ব্যবস্থায় রেলওয়ে একটা বিরাট ভূমিকা পালন করে। সারা দেশে প্রায় ৬৮,৫৮৪ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই নেটওয়ার্ক দুনিয়ার চতুর্থ বৃহত্তম হিসেবে পরিচিত। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল মুম্বইয়ের বোরিবন্দর থেকে ঠাণে পর্যন্ত মাত্র ৩৪ কিলোমিটার দূরত্বের প্রথম যাত্রা শুরু হয়েছিল। আজ সেটাই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সবচেয়ে বড় গণপরিবহণ হয়ে উঠেছে। সস্তা ভাড়া আর সুরক্ষিত যাত্রার জন্য সাধারণ মানুষ সড়ক বা বিমানের চেয়ে ট্রেন যাত্রাকেই বেশি গুরুত্ব দেন।

আমাদের দেশে কতগুলো ট্রেন আছে?
দেশে বর্তমানে রোজ ২৩,০০০-এর বেশি ট্রেন ট্র্যাকে ছুটছে। এর মধ্যে সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া প্যাসেঞ্জার ট্রেন আছে ১৩,০০০-এর বেশি। বাকিগুলো বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া মালগাড়ি। সাধারণ দিনগুলোতেই রোজ প্রায় ২.৪০ কোটি থেকে ২.৫০ কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। মজার ব্যাপার হল, এই সংখ্যাটা দুনিয়ার অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখে রেল দফতর অনবরত নতুন রুট তৈরি করছে আর পুরোনো ট্র্যাকগুলোর আধুনিকীকরণ করছে।
উৎসবের সময় কতগুলো স্পেশাল ট্রেন?
দিওয়ালি, ছট পুজো, সংক্রান্তি, হোলির মতো বড় উৎসবের সময় ট্রেনে যাত্রীদের ভিড় অভাবনীয়ভাবে বেড়ে যায়। উৎসবের মরশুমে পরিবারের সঙ্গে দেখা করতে প্রায় ২ কোটিরও বেশি মানুষ অতিরিক্ত যাতায়াত করেন। এই প্রবল ভিড় সামলাতে রেল দফতর প্রতি বছর প্রায় ১৮,০০০ স্পেশাল ট্রেন চালায়। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে, তার জন্য স্পেশাল ওয়েটিং শেড, অতিরিক্ত টিকিট কাউন্টার, নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। মানুষ যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, সেই দিকে নজর রাখা হয়।

