IRCTC Booking: তৎকালের টিকিট কাটতে গিয়েই কালঘাম ছুটছে সাধারণ যাত্রীদের। অভিযোগ, অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ে চরম সমস্যা হচ্ছে। অনেকেই হাজার চেষ্টা করেও টিকিট বুক করতে পারছেন না।সকাল ১০টা থেকে তৎকালের এসি টিকিট বুকিং এবং ১১টা থেকে নন-এসি টিকিট বুকিং শুরু হয়। তবে সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেকেই বুকিং করতে পারছেন না।

Indian Railways Ticket Booking: রেলের তৎকাল টিকিট বুকিং করতে গিয়ে ফের সমস্যায় পড়লেন যাত্রীরা। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বুকিংয়ের সময় অনেক ব্যবহারকারীই একই সমস্যার মুখোমুখি হয়েছেন। টাকা কেটে নেওয়ার পর পেমেন্ট সফল হলেও বুকিং কনফার্মেশনের পাতা না এসে স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে। ফলে টিকিট কাটা হয়েছে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। IRCTC-র ওয়েবসাইট এবং অ্যাপ দু’জায়গাতেই একই সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। যাত্রীরা জানিয়েছেন, তৎকাল কোটার সীমিত টিকিটের জন্য সেকেন্ডের লড়াই হয়। কিন্তু পেমেন্ট গেটওয়ে থেকে টাকা কেটে নেওয়ার পরই সার্ভার স্লো হয়ে যাচ্ছে বা পুরো পেজ হ্যাং হয়ে যাচ্ছে। এর ফলে বহু যাত্রীর টাকা কেটে গেলেও টিকিট কনফার্ম হচ্ছে না।

কী বলছে রেল?

রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, একসঙ্গে বিপুল সংখ্যক হিট পড়ায় সার্ভারে লোড বেড়ে যাওয়াই এই সমস্যার প্রধান কারণ। তৎকাল টিকিটের চাহিদা সবসময়ই বেশি থাকে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে। সেই সময় সার্ভার ডাউন হয়ে গেলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। টাকা কেটে গেলে তা ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড হয়ে যাবে বলে IRCTC-র তরফে জানানো হয়। কিন্তু যাত্রীদের প্রশ্ন, রিফান্ড পেলেও তৎকালের গুরুত্বপূর্ণ টিকিটটা তো আর ফেরত পাওয়া যাবে না। অনেকেই অফিসিয়াল কাজ বা জরুরি প্রয়োজনে তৎকালের ওপর ভরসা করেন।

ক্ষোভ যাত্রীদের

সোশ্যাল মিডিয়াতেও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। #TatkalCrash হ্যাশট্যাগে একাধিক পোস্টে স্ক্রিনশট শেয়ার করে তাঁরা রেলের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। রেল বিশেষজ্ঞদের মতে, তৎকালের মতো হাই-ট্রাফিক পরিষেবায় সার্ভারের ক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পেমেন্ট গেটওয়ের স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে, যাতে টাকা কেটে যাওয়ার পর বুকিং ফেল না হয়। যাত্রীদের পরামর্শ, বুকিংয়ের সময় একাধিক ডিভাইস ব্যবহার না করা এবং পেমেন্টের পর পেজ রিফ্রেশ না করা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।