জম্মু ও কাশ্মীরের রিয়াসি আর রাজৌরি জেলায় মুষলধারে বৃষ্টির জেরে চেনাব নদীর জলস্তর বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সালাল ড্যামের গেট খুলে দেওয়া হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে নদীর ধার থেকে দূরে থাকতে এবং খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে বলেছে।
রিয়াসিতে খোলা হল সালাল ড্যামের গেট
রিয়াসি এবং তার আশেপাশের এলাকায় নাগাড়ে বৃষ্টির ফলে সালাল জলাধারে জলের জোগান হঠাৎ করে বেড়ে গেছে। পরিস্থিতি সামলাতে কর্তৃপক্ষ ড্যামের সবকটা গেট খুলে দিয়েছে। এর ফলে চেনাব নদীর জলস্তর ফুলেফেঁপে উঠেছে এবং নদীর ভাটির দিকে জলের স্রোত আর স্তর দুটোই বেশ বেড়েছে।
গত কয়েক ঘণ্টা ধরে রিয়াসি অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। এর জেরে চেনাব নদী আর সালাল ড্যামের জলাধারে জলের পরিমাণ অনেকটাই বেড়েছে। প্রশাসন আবহাওয়া আর নদীর জলস্তরের ওপর কড়া নজর রাখছে।
চেনাব নদীর তীরে আর নিচু এলাকায় যারা থাকেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। নদীর কাছাকাছি যেতেও বারণ করা হয়েছে।
প্রবল বর্ষণে রাজৌরিতেও সতর্কতা জারি
অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলাতেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে নদীর জলস্তর বৃদ্ধি, হড়পা বান, ধস আর জল জমার আশঙ্কায় জেলা প্রশাসন ও রাজৌরি পুলিশ সতর্কতা জারি করেছে।
জেলা প্রশাসন সাধারণ মানুষকে এই বৃষ্টির মধ্যে অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে বলেছে। নদী, ঝোরা বা বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাসিন্দাদের আরও বলা হয়েছে, তাঁরা যেন জলমগ্ন রাস্তা বা ব্রিজ পার হওয়ার চেষ্টা না করেন এবং প্রশাসনের জারি করা আবহাওয়া সংক্রান্ত আপডেট ও নির্দেশ মেনে চলেন।
খুব দরকার না পড়লে বাড়ির ভেতরেই থাকতে বলা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। কোনও জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন বা আপৎকালীন পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশের জরুরি সতর্কতা
রাজৌরি পুলিশও একটি জরুরি সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে, নাগাড়ে ভারী বৃষ্টির ফলে জেলার নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে। সতর্কবার্তায় বলা হয়, "রাজৌরির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলার কারণে আশঙ্কা করা হচ্ছে যে নদীর জলস্তর দ্রুত বাড়বে।"


