Jantar Mantar CJP Protest: NEET দুর্নীতি নিয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অভিনব সমর্থন। ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে আন্দোলনকারীদের জন্য খাবার পাঠানো হচ্ছে দিল্লির যন্তর মন্তরে। প্রসঙ্গত, এর আগে পুলিশ যন্তর মন্তরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় আন্দোলনকারীরা খাবার বা জল পাচ্ছিলেন না।
Jantar Mantar CJP Protest: যন্তর মন্তরে ঐতিহাসিক এবং নজিরবিহীন মুহূর্ত তৈরি হচ্ছে। ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন সাধারণ মানুষ। যন্তর মন্তরে আন্দোলনকারীদের ঠিকানা দিয়ে শয়ে শয়ে খাবারের প্যাকেট অর্ডার করা হচ্ছে। ভলান্টিয়ার এবং ডেলিভারি বয়রা জানাচ্ছেন, বিভিন্ন রাজ্য থেকে ৫০০-র বেশি প্যাকেট ইতিমধ্যেই এসে পৌঁছেছে (Jantar Mantar Protest)। আন্দোলনকারীদের জন্য বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে জলের বোতল পর্যন্ত আসছে। প্রসঙ্গত, এর আগে পুলিশ যন্তর মন্তরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় আন্দোলনকারীরা খাবার বা জল পাচ্ছিলেন না। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ এই অভিনব উপায়ে সমর্থন জানাতে শুরু করেন (Jantar Mantar CJP Protest)।
দিল্লির আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজ্য থেকে আসছে খাবারের প্যাকেট
পুলিশের লাঠিচার্জ এবং ভাঙচুরের পরেও যন্তর মন্তরে আবার নতুন করে জোরদার আন্দোলন শুরু করেছে CJP। সকাল থেকে শয়ে শয়ে যুবক-যুবতী এই বিক্ষোভে যোগ দিতে আসছেন। CJP-র মুখপাত্র আশুতোষ রাঙ্গা অভিযোগ করেছেন, আগেরদিন সংঘর্ষের সময়, পুলিশ পেলেট গানও ব্যবহার করেছিল। অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বাম সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। তাদের মতে, দেশজুড়ে যা হচ্ছে, তা আসলে যুবক-যুবতীদের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। কেরালা থেকে আসা বাম সাংসদরা যন্তর মন্তরে গিয়ে অভিজিৎ দীপকের সঙ্গে কথাও বলেছেন।
নিট নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সংসদীয় দলের বৈঠকে দাবি করেছেন, নিট কেলেঙ্কারির ঘটনায় সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৩ জনকে গ্রেফতার করে জেলেও পাঠানো হয়েছে। অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে ভালো আইনজীবী নিয়োগ করা হয়েছে। পড়ুয়াদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য নতুন করে পরীক্ষা নিয়ে তাড়াতাড়ি ফল প্রকাশ করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
আন্দোলনকারী যুবকদের 'পথভ্রষ্ট' বলে উল্লেখ করে তিনি সাংসদদের নির্দেশ দেন, তাদের কাছে গিয়ে সঠিক পথ দেখাতে। নিট দুর্নীতি এবং লাঠিচার্জের মতো বিষয়ে আলোচনার দাবি বিরোধীপক্ষ তুললেও সরকার তা খারিজ করে দেয়। তার জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই মুলতুবি হয়ে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


