Telangana Forest Minister Konda Surekha: কোনওরকম বিরোধিতা বা সমালোচনা সহ্য করতে নারাজ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি (Telangana Chief Minister A Revanth Reddy)। তেলঙ্গানার বন মন্ত্রী কোন্ডা সুরেখার মেয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করায় মন্ত্রীকে বরখাস্ত করা হল।
Telangana News: মেয়ে কোন্ডা সুস্মিতা প্যাটেল (Konda Sushmitha Patel) প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির (A Revanth Reddy) সমালোচনা করেছেন। শুধু এই কারণে পদ হারালেন তেলঙ্গানার বন মন্ত্রী কোন্ডা সুরেখা (Konda Surekha)। তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই দিনে প্রকাশ্যে এসেছে কংগ্রেসের শীর্ষ পাঁচ নেতাকে প্রায় দুই সপ্তাহ আগে লেখা সুরেখার চিঠি। সেখানে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তাঁকে ক্রমশঃ কোণঠাসা করা হচ্ছে। এই ঘটনায় তেলঙ্গানা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসে গেল।
মুখ্যমন্ত্রীকে তোপ বরখাস্ত হওয়া মন্ত্রীর
তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানার পর তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সদ্য প্রাক্তন বন মন্ত্রী। তবে দলবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমার দল বদলের কোনও ইচ্ছা নেই। এ রেবন্ত রেড্ডি জোর করে আমাকে মন্ত্রিসভার পদ থেকে সরিয়েছেন।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচকদের এখনও বিভিন্ন পদে বহাল রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সুরেখার কথায়, ‘যারা রেবন্ত রেড্ডিকে গালিগালাজ করেছে বা তাঁর সমালোচনা করেছে, তারা সবাই এখনও পদে বহাল রয়েছে।’ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তেলঙ্গানা সরকারের সঙ্গে একাধিক সমস্যা তৈরি হয়েছিল বলেও দাবি করেছেন সুরেখা। তবে কংগ্রেস ছাড়ার কোনও প্রশ্নই নেই বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। সুরেখা বলেছেন, ‘আমি কোথাও যাচ্ছি না। আমি কংগ্রেসেই থাকছি। বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাব। আমার নেতা এবং আমার মানুষের জন্য আমি নিজের দায়িত্ব পালন করব।’
তেলঙ্গানায় রাজনৈতিক দ্বন্দ্ব
শুধু নিজের অভিযোগ নয়, দলের আরও অনেক নেতা-কর্মী সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট বলেও দাবি করেছেন সুরেখা। তাঁর বক্তব্য, অনেকেই তাঁর সঙ্গে একমত হলেও প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন। তিনি দাবি করেছেন, ‘সবাই আমাকে সমর্থন করবে। তারাও সন্তুষ্ট নয়। কিন্তু কেউ প্রকাশ্যে সেটা বলছে না,’ দাবি সুরেখার। তিনি মেয়ের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘ওরা আমাকে বলেছে, আমার মেয়ে এমন কিছু কথা প্রকাশ্যে বলেছে, যা তারা বলতে পারেনি। সবাই একই কথা মনে করে, কিন্তু সরকার তাদের কথা শুনছে না। ওরা যদি কর্মী ও মন্ত্রীদের কথা শোনে এবং সমস্যাগুলির সমাধান করে, তাহলে পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় ফিরতে পারবে। তা না হলে পারবে না।’ মন্ত্রিসভা থেকে অপসারণের পর দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করবেন না বলেও জানিয়েছেন সুরেখা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


