LPG Price: মঙ্গলবার নতুন ইংরাজি মাস শুরু হয়েছে। এদিন থেকেই দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। সবারই এই নিয়মগুলি সম্পর্কে জেনে রাখা উচিত। না হলে সমস্যায় পড়তে হতে পারে।

DID YOU
KNOW
?
আয়কর রিটার্নের সময়সীমা
আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। ফলে করদাতাদের কাছে স্বস্তির খবর।

Rule Changes: নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ থেকে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়ম, গাড়ি কেনা কিংবা বিদেশ ভ্রমণ, ১ সেপ্টেম্বর থেকে একাধিক নিয়ম, চার্জ ও পরিষেবায় বদল আসছে। এর মধ্যে কিছু বদল সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হতে পারে। আবার কিছু বদলের ফলে খরচ বেড়ে যেতে পারে। এই কারণে এ মাসে নতুন কোন নিয়ম কার্যকর হচ্ছে, তা জেনে নেওয়া জরুরি। এ মাসে ভারতীয়দের আর্থিক জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে? কোন পরিবর্তন সাধারণ মানুষের পক্ষে যেতে পারে এবং কোথায় বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন? দেখে নেওয়া যাক এই মাসে কার্যকর হতে চলা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি।

অভিবাসন সংক্রান্ত নিয়মে বদল

১ সেপ্টেম্বর থেকে ভারত থেকে বিদেশে যাতায়াতকারী যাত্রীদের বিমানবন্দরের অভিবাসন প্রক্রিয়ায় বদল আসছে। আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের আর অভিবাসন সংক্রান্ত নিয়ম-কানুন প্রক্রিয়া সম্পন্ন করার সময় বোর্ডিং পাসে ইমিগ্রেশন স্ট্যাম্প নিতে হবে না। ব্যুরো অফ ইমিগ্রেশনের (Bureau of Immigration) এই উদ্যোগের লক্ষ্য, বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের যাত্রা আরও দ্রুত ও সহজ করা। প্রয়োজন অনুযায়ী যাত্রীরা ফোনে থাকা ইলেকট্রনিক বোর্ডিং পাস অথবা প্রিন্ট করা বোর্ডিং পাস দেখাতে পারবেন। নতুন ব্যবস্থায় অভিবাসন বিভাগের আধিকারিকরা ক্লিয়ারেন্সের অংশ হিসেবে বোর্ডিং পাসে আর স্ট্যাম্প দেবেন না। এতদিন আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের অভিবাসনের সময় বোর্ডিং পাস দেখাতে হতে পারত। এরপর সেটিতে ইমিগ্রেশন স্ট্যাম্প দেওয়া হতো। সেপ্টেম্বর থেকে সেই প্রক্রিয়া আর থাকছে না।

রান্নার গ্যাসের দাম বাড়বে?

প্রতি মাসের শুরুতে তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম পর্যালোচনা করে। তাই ১ সেপ্টেম্বর নতুন দাম ঘোষণা হতে পারে। রান্নার গ্যাসের দামে বৃদ্ধি বা হ্রাস সরাসরি পরিবারের মাসিক বাজেটে প্রভাব ফেলতে পারে। আগস্টের শুরুতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করা হয়েছিল। তবে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

বাড়ছে গাড়ির দাম

নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে সেপ্টেম্বরে বাড়তি খরচের মুখে পড়তে হতে পারে ক্রেতাদের। টাটা মোটরস ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাদের গাড়ি ও এসইউভি-র দাম সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। হুন্ডাই তাদের গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছে। ফলে সেপ্টেম্বরে নতুন গাড়ি কিনতে গেলে ক্রেতাদের আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হতে পারে।

বাড়ছে দুধের দাম

সেপ্টেম্বরের শুরু থেকে মুম্বইয়ের বাসিন্দাদের দুধ কিনতেও বাড়তি টাকা গুনতে হতে পারে। ১ সেপ্টেম্বর থেকে দুধের দাম সর্বোচ্চ ৯ টাকা পর্যন্ত বাড়তে চলেছে। তবে এই মূল্যবৃদ্ধি প্যাকেটজাত দুধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মূলত গোয়ালঘর বা দুগ্ধ ব্যবসায়ীদের কাছ থেকে সরবরাহ করা দুধের দাম বাড়ছে।দুধ ব্যবসায়ীদের দাবি, গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধি এবং অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত।

আয়কর রিটার্নের সময়সীমায় বদল

নতুন রিটার্ন-ফাইলিং ক্যালেন্ডারের অধীনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাতেও পরিবর্তন এসেছে। ১৯৬১ সালের আয়কর আইনে ২০২৬ সালের ফিনান্স অ্যাক্টের মাধ্যমে আনা পরিবর্তনের পর এই নতুন সময়সীমা কার্যকর হয়েছে। ব্যবসা বা পেশা থেকে আয় করা নন-অডিট করদাতাদের ক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ আগস্ট। সাধারণ করদাতাদের ক্ষেত্রে সময়সীমা ছিল ৩১ জুলাই। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে পারেননি, তাঁদের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। তাঁরা এখনও ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে, অথবা মূল্যায়ন সম্পন্ন হওয়ার আগে, যেটি আগে হবে, বিলম্বিত রিটার্ন জমা দিতে পারবেন। মোট আয় ৫ লক্ষ টাকার বেশি না হলে বিলম্বিত রিটার্নের জন্য ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। অন্য ক্ষেত্রে এই ফি ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।