- Home
- India News
- Parliament Session: নজরে ৩৬০! ডিলিমিটেশন বিল পাশ করাতে মোদী-শাহের হিসেবের খাতায় কারা?
Parliament Session: নজরে ৩৬০! ডিলিমিটেশন বিল পাশ করাতে মোদী-শাহের হিসেবের খাতায় কারা?
Parliament Session: ডিলিমিটেশন বিল পাশ করাতে লোকসভায় ম্যাজিক নম্বর ৩৬০। ডিএমকে ও এনসিপি (এসপি)-র সমর্থন মিললে কি লক্ষ্যে পৌঁছবে কেন্দ্র? ৫০ শতাংশ আসনবৃদ্ধির ধারা ঘিরে কী হিসেব, জানুন।

সংসদে জরুরি অধিবেশন
৩০ নভেম্বর, সোমবার সংসদে জরুরি অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। কী কারণে এই অধিবেশন তা এখনও জানানো হয়নি। তবে অধিবেশন ডাকার আগেই সংসদীয় বৈঠকেই দলের সব নেতা,মন্ত্রী আর সাংসদদের সংসদে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে সরকারপক্ষ। তাতেই বিরোধীদের অনুমান নরেন্দ্র মোদী এই অধিবেশনেই জরুরি ভিত্তিতে ডিলিমিটেশন বিল পাশ করিয়ে নেবে। এক আগেও মোদী সরকার একবার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছিল প্রয়োজনীয় আসন না থাকায়। কিন্তু এবার আর তা যাতে না হয় তারজন্যই রীতিমত অঙ্ক কষেই এই জরুরি অধিবেশন ডাকা হয়েছে বলেও সূত্রের খবর।

প্রয়োজনীয় আসন সংখ্যা
ডিলিমিটেশন বিল পাস করানোর জন্য লোকসভায় ‘ম্যাজিক নম্বর’ ৩৬০-এর হিসেব কষছে কেন্দ্র। সব অঙ্ক মিলে গেলে সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যেতে পারে সরকার। এই প্রচেষ্টার চাবিকাঠি দুই প্রাক্তন বিরোধী দল, DMK ও NCP। বিলের পাশের কারণে সব রাজ্যে আসন ৫০ শতাংশ বাড়ানোর শর্ত যোগ করতে রাজি হতে পারে কেন্দ্র, আর সেই শর্তেই ঘুরে দাঁড়াতে পারে দুই দল। দু’পক্ষই ইঙ্গিত দিয়েছে, ৫০ শতাংশের ধারা সমর্থনের পথ খুলে দিতে পারে।
এনসিপি কি রাজি হবে ডিলিমিটেশনে?
সূত্রে খবর, বিশেষ অধিবেশনে হাজির থাকতে নিজেদের আট সাংসদকে হুইপ জারি করেছে শরদ পাওয়ারের এনসিপি। দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলেও স্পষ্ট করেছেন, ৫০ শতাংশের আশ্বাস মিললে তাঁরা বিলের পক্ষে আসবেন। অন্য দিকে, তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডিয়া জোট ছেড়েছে ২২ সাংসদের ডিএমকে। বিলের প্রতি তাদের সর্বাত্মক বিরোধিতাও নরম হয়েছে। দলের দাবি, ডিলিমিটেশনের পরেও সংসদে তামিলনাড়ুর ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় থাকতে হবে। ৫০ শতাংশ বৃদ্ধির ধারা যোগ হলে সেই উদ্বেগও মিটবে।
আগে সংসদে পেশ করা হয়েছিল বিল
গত ১৭ এপ্রিল সংবিধান সংশোধনী বিলটি ভোটে উঠেছিল। পক্ষে পড়েছিল ২৯৮ ভোট, বিপক্ষে ২৩০। উপস্থিত ও ভোটদানকারী ৫২৮ জন সাংসদের মধ্যে সরকারের প্রয়োজন ছিল ৩৫২, অর্থাৎ ৫৪ ভোটে পিছিয়ে ছিল তারা। সরকারি ফ্লোর ম্যানেজারদের হিসেবে, ৫৪০ জন সাংসদ পুরোপুরি উপস্থিত থাকলে দুই-তৃতীয়াংশের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৬০। কিছু সাংসদ অনুপস্থিত থাকলে সেই অঙ্ক নেমে আসবে।
নতুন হিসেবে ১০ কম
এনডিএ নিশ্চিতভাবে ৩১৯ জন সাংসদকে পাশে ধরছে, যার মধ্যে বিজেপির ২৪১ জন। এর মধ্যে রয়েছেন তৃণমূলের ২৮ সাংসদের মধ্যে সেই ২০ জন, যাঁরা পরে আলাদা দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন এবং এনডিএ-কে সমর্থন করছেন। এই সপ্তাহেই এনডিএ-তে ফিরেছে শিরোমণি অকালি দল, তাদের এক সাংসদও যোগ হয়েছেন। এনসিপি (শরদচন্দ্র পাওয়ার)-র আট সাংসদ এলে সংখ্যাটা দাঁড়ায় ৩২৮। ডিএমকে-র ২২ যোগ হলে তা পৌঁছয় ৩৫০-এ, তবু দুই-তৃতীয়াংশ থেকে ১০ ভোট কম।
ভরসা জগনমোহন রেড্ডি
গতবার সরকারের শিবিরে ছিল জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপি, তাদের চার সাংসদ। এবার বিলের নতুন সংযোজন দেখে অবস্থান পর্যালোচনার ইঙ্গিত দিয়েছে দলটি। তাদের চার জন এলে সংখ্যা ৩৫৫ হয়, লক্ষ্য থেকে মাত্র পাঁচ ভোট দূরে। অসমে এক সময় বিজেপির শরিক ইউপিপিএল-এর এক সাংসদও সমর্থন করতে পারেন। গতবার এক নির্দল সাংসদও বিলের পক্ষে ছিলেন।
প্রশ্ন তিন সাংসদকে নিয়ে
তবে সংখ্যাগরিষ্ঠতার হিসেব হয় ভোটের দিন উপস্থিত সাংসদদের নিরিখে, আর সেখানেই অঙ্কটা জটিল। অন্তত তিন সাংসদের উপস্থিতি নিয়ে প্রশ্ন আছে। জুলাইয়ে বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড হয়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহের বিশেষ অধিবেশন যেহেতু ওই অধিবেশনেরই ধারাবাহিকতা, তাই তিনি ভোট দিতে পারবেন কি না, স্পষ্ট নয়। জেলে রয়েছেন কাশ্মীরের নির্দল শেখ রশিদ এবং পঞ্জাবের ওয়ারিস পঞ্জাব দে-র অমৃতপাল সিং। সম্প্রতি ইস্তফা দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের আগা রুহুল্লা, ফলে বিরোধী জোটের শরিক ওই দলের এখন একজনই সাংসদ।
ভরসায় অনুপস্থিত সাংসদের ওপর
এনডিএ বা ইন্ডিয়া, কোনও শিবিরেই নেই এমন কিছু ছোট দল ও নির্দল সাংসদও আছেন। এর মধ্যে এএপি-র তিন, নির্দল তিন, আর জেডপিএম, এএসপি ও এআইএমআইএম-এর একজন করে। ভোটের দিন আর কয়েকজন সাংসদ অনুপস্থিত থাকলে বা ভোটদানে বিরত থাকলেই পাল্লা ঝুঁকে যেতে পারে সরকারের দিকে।

