Tata Sons: ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর টাটা সন্সের চেয়ারম্যান পদে আর থাকবেন না বলে ঘোষণা করে দিয়েছেন এন চন্দ্রশেখরন (N Chandrasekaran)। তাঁর এই ঘোষণায় বাণিজ্য মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। চন্দ্রশেখরন অবশ্য নিজের সিদ্ধান্তে অনড়। তবে তিনি একইসঙ্গে টাটা সন্সের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন।
KNOW
Tata Sons Chairman N Chandrasekaran: ‘আপনারা যে পরিশ্রম করেন, তার জন্যই টাটা একটি শ্রদ্ধেয় নাম। গুজব, নানা তত্ত্ব বা ষড়যন্ত্রের কথা শুনে খুব বেশি গুরুত্ব দেবেন না।’ টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করার পর কর্মীদের এই বার্তা দিলেন এন চন্দ্রশেখরন। তিনি বোম্বে হাউসে সংস্থার এক অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আর চেয়ারম্যান পদে পুনর্নিয়োগের জন্য নিজের নাম প্রস্তাব করবেন না। প্রায় চার দশক ধরে টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত চন্দ্রশেখরন বলেন, কর্মীদের ভালোবাসা ও স্নেহ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। তাঁর কথায়, এত দীর্ঘ কর্মজীবন তাঁকে কোথায় নিয়ে যাবে, তা তিনি কখনও ভাবেননি। তবে প্রতিটি কর্মজীবনেরই একসময় সমাপ্তি ঘটে এবং এরপর অন্য কেউ দায়িত্ব নেবেন। এরপরেই নেতৃত্ব পরিবর্তন নিয়ে তৈরি হওয়া জল্পনা ও নানা তত্ত্বে কান না দেওয়ার জন্য কর্মীদের বার্তা দেন চন্দ্রশেখরন।
টাটা সন্সের নেতৃত্বে পরিবর্তন হচ্ছে
৬৩ বছর বয়সি চন্দ্রশেখরন টাটা সন্সের শীর্ষ পদে তাঁর প্রায় নয় বছর ধরে আছেন। এবার তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি তাঁর মেয়াদ শেষ হওয়ার পর অন্য কেউ এই সংস্থার হাল ধরবেন। জানা গিয়েছে, চন্দ্রশেখরের আরও পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে ২৪ ফেব্রুয়ারির বোর্ড বৈঠকের পর প্রায় ছয় মাস ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত পুনর্নিয়োগের জন্য নিজের নাম আর না দেওয়ার সিদ্ধান্ত নেন চন্দ্রশেখরন। একই সঙ্গে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য দ্রুত তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার অনুরোধও করেছেন তিনি।
কর্মীদের ধন্যবাদ জানালেন চন্দ্রশেখরন
বুধবারের অনুষ্ঠানের শেষে টাটা সন্সের কর্মীদের উদ্দেশ্যে আরও ব্যক্তিগত বার্তা দেন চন্দ্রশেখরন। বৃহৎ অনুষ্ঠান বা অনানুষ্ঠানিক বৈঠকের বদলে আরও বেশি সংখ্যক কর্মীকে ব্যক্তিগতভাবে জানার ইচ্ছার কথা জানান তিনি। বক্তব্য শেষ হলে কর্মীদের করতালিতে তাঁকে বিদায় জানানো হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


