Narendra Modi On West Bengal Vote: বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে জনতা জনার্দনকে ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে বিজেপির সদর দফতরে বার্তা নমোর। কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Narendra Modi On West Bengal Vote: ছাব্বিশের লড়াই বিপুল জনাদেশ নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি। সরকার গঠন, মুখ্যমন্ত্রী নির্বাচন ও শপথ গ্রহণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলার ২৯৩টি (ফলতা বাদে) আসনের মধ্যে ২০৪টি আসন জয় করে বাংলায় গঠিত হতে চলেছে বিজেপি সরকার। উত্তর থেকে দক্ষিণ বঙ্গে গেরুয়া ঝড়ের সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ জয়ের পর আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর। বাঙালি পোশাকে নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মাতা ও বাঙালি জনতা জনার্দনকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন নমো।
কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
এদিন তিনি বলেন, ''আজ ঐতিহাসিক-অভূতপূর্ব দিন। আজ নতুন এক ইতিহাস রচনা হলো। এটা গণতন্ত্রের উপর ভরসা। বিজেপি কর্মীরাই কামাল করেছেন। বাংলায় ৯৩ শতাংশ ভোটদান ঐতিহাসিক। অসমেও জয়ের হ্যাটট্রিক বিজেপির। বাংলায় শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ হলো।''
এদিন মোদী আরও বলেন, ‘’আজ থেকে বাংলায় বিকাশ-অটুট বিশ্বাসের যাত্রা শুরু হলো। আমি আজ প্রত্যেক বাঙালিকে ভরসা দিচ্ছি যে, বাংলার উন্নত ভবিষ্যতের জন্য ভাজপা দিনরাত এক করে দেবে। বাংলায় মহিলাদের সুরক্ষা, যুবকদের রোজগার মিলবে। প্রথম ক্যাবিনেটে আয়ুস্মান ভারতের সুবিধা মিলবে। বাংলায় নতুন সূর্যোদয় হয়েছে। আজ এই মহা বিজয়ের দিনে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি। ২৫শে বৈশাখের আর বেশি দিন দেরি নেই। আজ কবির স্বপ্ন ভয়মুক্ত বাংলা গড়ে দেখাবে বিজেপি।''
‘’গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ফুটেছে পদ্ম। শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণের সুযোগ দিয়েছে বাংলার মানুষ। পশ্চিম বাংলায় এই প্রথমবার শান্তিপূর্ণ ভোট হলো। এই প্রথমবার কোনও নির্দোষ নাগরিকের প্রাণ যায়নি ভোটে। আগে পশ্চিমবঙ্গে ভোটে ব্যাপক হিংসা। এই প্রথমবার ভয়মুক্ত-লোকতন্ত্রের জয় হলো। আজ থেকে বাংলা ভয়মুক্ত। আজ যে ভাজপা জিতল এখন বদলা নয়, বদলের কথা হবে। ভয় নয়। ভবিষ্যতের কথা হবে এখন থেকে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


