National Sports Day: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে আগামী ২৭-২৯ অগাস্ট 'খেল কি বাত, পিএম কে সাথ' অনুষ্ঠানের আয়োজন করছে SAI এবং মাই যুবা ভারত। ২৭ অগাস্ট, প্রধানমন্ত্রী মোদী দেশের তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। দেশের ক্রীড়া নীতি এবং সাফল্য নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
National Sports Day: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সোমবার, কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ সংস্থা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ও মাই যুবা ভারত একটি সাংবাদিক বৈঠক ডাকে। সেখানেই আগামী ২৭-২৯ অগাস্ট 'খেল কি বাত, পিএম কে সাথ' নামে এই অনুষ্ঠানের কথা জানানো হয়।
'খেল কি বাত, পিএম কে সাথ': তরুণদের সঙ্গে কথা বলবেন মোদী
সাংবাদিকদের মাই ভারত (কাংড়া)-এর ডেপুটি ডিরেক্টর ধ্রুব ডোগরা জানান, কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে সামনে রেখে প্রতি বছরের ২৯ অগাস্ট, জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। তিনি বলেন, এই বছর এই অনুষ্ঠানের উদযাপন ২৭-২৯ অগাস্ট পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ অগাস্ট, সকাল ১১:৫০ নাগাদ সারা দেশের তরুণ খেলোয়াড় ও যুবকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। এই অনুষ্ঠানে কাংড়া এবং চাম্বার যুবক ও খেলোয়াড়রা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। কাংড়া থেকে মোট চারজন খেলোয়াড় এই ভার্চুয়াল আলোচনায় অংশ নেবেন, যাদের মধ্যে দুজন কাংড়ার এবং দুজন চাম্বার বাসিন্দা।
ধ্রুব ডোগরা আরও বলেন, গত ১২ বছর ধরে দেশের ক্রীড়াক্ষেত্রে যে পরিবর্তন এসেছে, তা তুলে ধরাই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। এই উদ্যোগের মধ্য দিয়ে দেশের তরুণরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তাদের ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের প্রায় ১৪০০টি জায়গা থেকে তরুণদের সঙ্গে টু-ওয়ে কমিউনিকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন।
কাংড়া জেলায় এই অনুষ্ঠানের জন্য তিনটি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT), কাংড়া; রাজীব গান্ধী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, নাগরোটা বাগওয়ান এবং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, ডেরা। এই তিনটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ডিজিটাল মাধ্যমে সরাসরি কথা বলতে পারবে। এই আলোচনায় প্রধানমন্ত্রী ভারতের ক্রীড়া নীতি, ক্রীড়া ক্ষেত্রে নতুন উন্নয়ন এবং দেশের খেলাধুলার সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তরুণদের ভূমিকা নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
তরুণদের সঙ্গে ক্রীড়া আইকনদের মেলবন্ধন
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেপি শনি জানিয়েছেন, জাতীয় ক্রীড়া দিবসের এই উদযাপনে তরুণদের সঙ্গে সিনিয়র এবং সফল খেলোয়াড়দের সংযোগ ঘটানোর উপরও জোর দেওয়া হবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং ভারতের ক্রীড়া ব্যক্তিত্বদের সাফল্য ও অভিজ্ঞতার সঙ্গে তাদের পরিচয় করাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


