Rahul Gandhi ON Modi: গুজরাটের ভাদোদরায় প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, মোদী আপোস করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ১০০% নিয়ন্ত্রণে রয়েছেন, তাই সংসদে বিতর্কে ভয় পান। 

গুজরাটের ভাদোদরা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, মোদী তাঁর বক্তৃতায় আমেরিকার নাম পর্যন্ত নেননি। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের "১০০% নিয়ন্ত্রণে" রয়েছেন।

মোদীকে নিশানা রাহুল গান্ধীর

ভাদোদরায় 'আদিবাসী অধিকার সংবিধান সম্মেলন'-এ বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী আপোস করেছেন, তাই তিনি সংসদে কোনও বিতর্কে অংশ নিতে পারবেন না।"

তিনি আরও যোগ করেন, "আমি শুনেছি প্রধানমন্ত্রী ২৫ মিনিটের একটা ভাষণ দিয়েছেন। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, উনি সংসদে বিতর্কে অংশ নিতে পারবেন না, কারণ উনি আপোস করে ফেলেছেন। নরেন্দ্র মোদী ২৫ মিনিট ধরে কথা বললেন, কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটা শব্দও বললেন না। উনি ট্রাম্পের ১০০% নিয়ন্ত্রণে।"

কৃষি নিয়ে উদ্বেগ রাহুলের

রাহুল গান্ধীর অভিযোগ, একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী আমেরিকার জন্য ভারতের কৃষি ক্ষেত্র খুলে দিয়েছেন। এর ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর কথায়, "নরেন্দ্র মোদী আমেরিকার জন্য ভারতের কৃষি ক্ষেত্র খুলে দিয়েছেন। আমাদের দেশে ছোট ছোট খামার, আর আমেরিকায় হাজার হাজার একরের বিশাল খামার। এখানে মানুষ হাতে কাজ করে, আর ওখানে বড় বড় মেশিনে কাজ হয়। যদি আমেরিকার জিনিসপত্র ভারতে আসতে শুরু করে, তাহলে আমাদের কৃষকরা শেষ হয়ে যাবেন।"

আদিবাসী সম্প্রদায়কে বার্তা রাহুলের

লোকসভার বিরোধী দলনেতা আরও বলেন, বিজেপি এবং আরএসএস 'বনবাসী' নামে একটি নতুন শব্দ চালু করেছে, যার মানে হলো জঙ্গলে বসবাসকারী মানুষ, কিন্তু জঙ্গলের সম্পদের উপর তাদের কোনও অধিকার নেই।

রাহুল বলেন, "আদিবাসী মানে ভারতের মূল বাসিন্দা—এই মাটি, জল, জঙ্গলের ('জল-জঙ্গল-জমিন') আসল মালিক। কিন্তু আরএসএস-বিজেপি একটা নতুন শব্দ এনেছে—'বনবাসী'। এর মানে হলো, আপনারা শুধু জঙ্গলে থাকেন, কিন্তু এই সম্পদের মালিক আপনারা নন। নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা বিরসা মুন্ডার মূর্তির সামনে হাতজোড় করেন, কিন্তু যে আদর্শের জন্য বিরসা মুন্ডা লড়াই করে শহীদ হয়েছিলেন, সেই আদর্শকেই তাঁরা আক্রমণ করেন। বিজেপি যখন আদিবাসীদের থেকে তাঁদের জল, জঙ্গল, জমিন কেড়ে নেয়, তখন সেটা শুধু বিরসা মুন্ডার উপর আক্রমণ নয়, এটা সংবিধানের উপরেও আক্রমণ।"