PM Surya Ghar Yojana: পিএম সূর্য ঘর যোজনায় ৩ কিলোওয়াট সোলার প্যানেলে মিলবে ৭৮,০০০ টাকা ভর্তুকি। মাত্র ২০ হাজার টাকাতেই শুরু করা যাবে স্থাপনের কাজ, জানুন লোন ও নথির খুঁটিনাটি।
সীমিত পুঁজির মানুষদের বোঝা কমাতে বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। পিএম সূর্য ঘর যোজনার অধীনে একটি ৩-কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলে সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে ৭৮,০০০ টাকা। গরমকালে বিদ্যুৎ বিলের চাপ এবং ঘন ঘন লোডশেডিং, দুই সমস্যারই কার্যকর সমাধান হতে পারে সৌরশক্তি।
বিদ্যুৎবিলের ঝক্কি এড়ান!
সম্প্রতি জেহানাবাদ জেলায় আয়োজিত হয় সোলার এনার্জি ফেয়ার ২০২৬, যেখানে সৌরশক্তি স্থাপনে আগ্রহীরা এক ছাদের তলায় পেয়েছেন সোলার বিক্রেতা, ব্যাঙ্ক কর্মী ও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সহায়তা। ফটোনিক্স সোলার কোম্পানির পরিচালক তথা জেহানাবাদের সোলার ভেন্ডর দিব্যা প্রকাশ জানান, বর্তমানে মিশন মোডে চলছে এই প্রকল্পের কাজ। বাড়িতে প্যানেল বসানোর পরই মেলে ভর্তুকি।
সোলার প্যানেলের খরচ কত?
এই সুবিধা পেতে প্রথমে আবেদন করতে হয়। নিজে আবেদন করা যায়, আবার কোনও ভেন্ডরের মাধ্যমেও করানো যায়। খরচের কথা বলতে গেলে, একটি ৩ কিলোওয়াট সোলার প্যানেল বসাতে মোট খরচ হয় প্রায় ২ লক্ষ টাকা। তবে যাঁদের কাছে একসঙ্গে এত টাকা নেই, তাঁদের জন্য রয়েছে ব্যাঙ্ক লোনের সুবিধাও। লোন নিলে প্রাথমিক ভাবে দিতে হবে মোট খরচের মাত্র ১০ শতাংশ, অর্থাৎ ২০,০০০ টাকা— এই টাকা দিতে হয় স্থাপনের সময়েই।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক পাসবুক ও আধার কার্ড। ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে অতিরিক্ত ভাবে লাগবে প্যান কার্ডও। এই কাগজপত্র নিয়ে বিক্রেতার কাছে গেলে আবেদনপত্র নিজে থেকেই পূরণ করে দেন তাঁরা, ফলে আবেদনকারীকে বাড়তি ঝক্কি পোহাতে হয় না।
ব্যাঙ্ক থেকে লোন
বাকি টাকা মেটানোর ক্ষেত্রে ব্যাঙ্ক লোনে সুদের হার ধার্য করা হয়েছে বার্ষিক ৬ শতাংশ, যার পরিশোধের মেয়াদ ১০ বছর। তবে যাঁদের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে, তাঁরা লোন না নিয়ে প্রয়োজনীয় টাকা একবারে মিটিয়ে দিতে পারেন, যাতে সুদের বোঝা এড়ানো সম্ভব।


