উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি বাড়ির মেঝে খুঁড়ে ৩ থেকে ৪ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। তিনটি স্টিলের ড্রামে ভরে মাটির ৫ মিটার নিচে লুকানো ছিল এই বিপুল পরিমাণ টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মাটির তলা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, নবাবগঞ্জ এলাকার একটি বাড়ির মেঝে খুঁড়ে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা পাওয়া গেছে। তিনটি স্টিলের ড্রামে ভরে মাটির প্রায় ৫ মিটার নিচে লুকানো ছিল এই টাকা।
মাটির নিচে কোটি কোটি টাকা!
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বড়াইপুর গ্রামের ওই বাড়িতে হানা দেয়। এরপর তারা একটি ঘরের মেঝে খোঁড়া শুরু করে। প্রায় ৫ মিটার খোঁড়ার পর পুলিশ তিনটি ছোট স্টিলের ড্রাম উদ্ধার করে। ড্রামগুলো খুলতেই দেখা যায়, ভেতরে থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল। ড্রামের ভেতরের টাকা যাতে নষ্ট না হয়, তাই সেগুলো কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। পাশাপাশি আয়কর দফতরকেও খবর দেওয়া হয়েছে। আপাতত বাড়িটি সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বাড়িটি একটি যাদব পরিবারের। রাকেশ যাদব ও রাজেশ যাদব নামে দুই ভাই পুনেতে কাজ করতেন। ২০২০ সালে তাঁরা গ্রামে ফিরে আসেন।
গ্রামে একদিন আগে একটি ঝামেলা হয়েছিল। সেখান থেকেই পুলিশ এই লুকানো টাকার খোঁজ পায়। তদন্তকারীরা জানতে পারেন, ওই পরিবারের কাছে প্রচুর হিসাব-বহির্ভূত টাকা রয়েছে। দৈনন্দিন খরচের জন্য তারা অল্প অল্প করে সেই টাকা বের করত। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, পুনে থেকে ফেরার পর ওই দুই ভাই বেশ কিছু জমি ও নতুন ট্রাক্টর কেনেন। হঠাৎ করে তাদের এই বড়লোক হয়ে যাওয়া দেখে অনেকেরই সন্দেহ হয়েছিল।
কোথা থেকে এল এই কোটি কোটি টাকা?
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, আটক করা ব্যক্তিকে জেরা করা হচ্ছে, কিন্তু সে নানাভাবে উত্তর এড়িয়ে যাচ্ছে। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুনের যে কোম্পানিতে ওই দুই ভাই কাজ করতেন বলে দাবি করা হচ্ছে, তার খোঁজখবরও নিচ্ছে পুলিশ।






