Red Sea Attack: ইয়েমেনের কাছে লোহিত সাগরে একটি ভারতীয় জাহাজডুবির ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নাবিকদের নিরাপত্তাই এখন 'সর্বোচ্চ অগ্রাধিকার'। জাহাজে থাকা ১৩ জন ভারতীয় নাবিককেই উদ্ধার করা হয়েছে। ভারত এই হামলার তীব্র নিন্দা করে বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষার দাবি জানিয়েছে।

Red Sea Attack: ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজডুবিরপর, বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে যে, ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে 'অনেক বেশি গুরুত্ব' দেওয়া হচ্ছে। শুক্রবার, নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনা নিয়ে সরকারের পদক্ষেপের কথা জানান। চলতি সপ্তাহের শুরুতে 'এমএসভি ফাইজে নূরে ওলিয়া' নামের জাহাজটির ওপর হামলা হয়। জয়সওয়াল বলেন, "এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা একে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। উপসাগরীয় অঞ্চলের সমস্ত মিশনগুলি জাহাজ সংস্থা এবং ওই দেশগুলির নৌ-কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে।" তিনি আরও জানান যে, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভারতীয় মিশনগুলি ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে (Red Sea Attack)।

আরও পড়ুনঃ Repatriation: ওমান থেকে দেশে ফিরলেন এমটি জলবীরের ২০ ভারতীয় নাবিক, উত্তেজনার আবহে স্বস্তি

লোহিত সাগরে ভারতীয় জাহাজডুবি

জয়সওয়াল আন্তর্জাতিক জলপথে সুরক্ষিত ও অবাধ যাতায়াত এবং বিশ্বজুড়ে বাণিজ্যিক কার্যকলাপ বজায় রাখার জন্য ভারতের আহ্বানের কথা ফের মনে করিয়ে দেন। তিনি বলেন, "আমরা জাহাজ মন্ত্রক এবং পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি। পাশাপাশি, আমরা আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌচলাচল এবং বাণিজ্যের স্বাধীনতার পক্ষে। আমরা সব পক্ষকে অসামরিক পরিকাঠামো এবং সাধারণ মানুষ, বিশেষ করে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"

আরও পড়ুনঃ হরমুজে ১০৭ দিন ধরে আটকে ৫০০-র বেশি ভারতীয় নাবিক, চাঞ্চল্যকর রিপোর্ট

উদ্ধার সব নাবিক, নিশ্চিত করলেন মন্ত্রী

বিদেশ মন্ত্রক আগেই এই হামলার নিন্দা জানিয়েছিল। তারা নিশ্চিত করেছে যে জাহাজে থাকা ১৪ জন নাবিকের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধারকার্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, "এই নিরস্ত্র জাহাজের উপর বিনা প্ররোচনায় হামলার তীব্র নিন্দা করছে ভারত। আমাদের দেশের মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আমি এটা জানাতে পেরে স্বস্তি পাচ্ছি যে, ইয়েমেনের উপকূলরক্ষীরা ১৪ জন নাবিকের (যাদের মধ্যে ১৩ জন ভারতীয়) সকলকেই নিরাপদে উদ্ধার করেছে এবং তাদের মোখা বন্দরে নিয়ে আসা হয়েছে।" মন্ত্রী আরও জানান যে, ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (DGMA) ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।