শুক্রবার লোকসভায় বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সুযোগ পেয়েও বিরোধীরা অংশ নিচ্ছেন না। পরে বাইরে গিয়ে বলছেন, আলোচনা ছাড়াই বিল পাশ করিয়ে দেওয়া হচ্ছে।
সংসদ যাতে মসৃণভাবে চলে, তার জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানালেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শুক্রবার তিনি বিরোধী সাংসদদের কটাক্ষ করে বলেন, গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিতর্কে অংশ নিন, না হলে পরে বাইরে গিয়ে অভিযোগ করবেন না যে সরকার আলোচনা ছাড়াই আইন পাশ করিয়ে দিচ্ছে।
বিরোধীদের তোপ কিরেন রিজিজুর
লোকসভায় রিজিজু বলেন, এদিন 'জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ (সংশোধনী) বিল' পাশ হয়েছে এবং সব সদস্যকেই বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। রিজিজু বলেন, "মাননীয় চেয়ারম্যান স্যার, আজ একটা জরুরি বিল পাশ হয়েছে এবং আমরা চেয়েছিলাম সবাই এতে অংশ নিক। বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে এর জন্য সময়ও বরাদ্দ ছিল। আপনারা এখন বাইরে গিয়ে বলবেন না যেন যে আলোচনা ছাড়াই বিল পাশ হয়ে গেল!" সংসদ বিষয়ক মন্ত্রী আরও বলেন, "আপনারা সংবাদমাধ্যমে গিয়ে বলেন যে সরকার বিল নিয়ে আলোচনা করে না, আলোচনা ছাড়াই বিল পাশ করে দেয়। এই অভিযোগ আপনারা আমাদের বিরুদ্ধে করতে পারেন না। আপনারা নিজেদের সুযোগ হারিয়েছেন।"
কিরেন রিজিজুর বার্তা
কিরেন রিজিজু জানান, কংগ্রেস সাংসদদের তিনি বারবার এই আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। রিজিজু বলেন, "আজ যে গুরুত্বপূর্ণ জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিলটি পাশ হল, তা নিয়ে আলোচনার জন্য আমি কংগ্রেসের বন্ধুদের বারবার ডেকেছি। কিন্তু বিরোধী দলের কেউই এই বিলের আলোচনায় অংশ নেননি। এটা দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে দয়া করে এমনটা করবেন না।" তিনি আরও মনে করিয়ে দেন যে, দেশের মানুষ সাংসদদের সংসদে পাঠিয়েছেন তাঁদের সমস্যা তুলে ধরার জন্য এবং বিতর্কে অংশ নেওয়ার জন্য। তাঁর কথায়, "জনগণ আপনাদের কাছে জবাব চাইবে যে আমরা আপনাদের সংসদে কথা বলার জন্য পাঠিয়েছি, কিন্তু আপনারা বিলের আলোচনায় অংশই নিচ্ছেন না।"
বিরোধীদের তুমুল হট্টগোল ও বিক্ষোভের মধ্যেই লোকসভার অধিবেশন সোমবার, ৩ আগস্ট সকাল ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। অধিবেশন মুলতবি করার আগে স্পিকার ওম বিড়লা বিরোধী সদস্যদের হট্টগোল না করে প্রশ্নোত্তর পর্ব চলতে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অধিবেশন চলাকালীন কক্ষ এবং সংসদ চত্বরের মর্যাদা বজায় রাখা উচিত।


