Riyadh Airport Attack: সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে ইয়েমেনের (Yemen) সামরিক লড়াই ক্রমশঃ ভয়াবহ চেহারা নিচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াধের (Riyadh) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে (King Khalid International Airport) বড় হামলা চালাল হুথি (Houthis) গোষ্ঠী। এই হামলায় বেশ কয়েকজন ভারতীয় জখম হয়েছেন। ফলে সৌদি আরবে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
KNOW
Houthis Attack Riyadh Airport: সৌদি আরবের (Saudi Arabia) রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে (King Khalid International Airport) ভয়াবহ হামলায় অন্তত ১১ জন ভারতীয় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের ভারতীয় দূতাবাস (Indian Embassy in Saudi Arabia)। আহত ভারতীয়দের শারীরিক অবস্থার খোঁজ নিতে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস। রিয়াধের বিমানবন্দরে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। ভারতীয় দূতাবাসের ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করা বিবৃতিতে জানানো হয়েছে, হামলার পর থেকেই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আহত ভারতীয়দের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দূতাবাসের আধিকারিকেরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দরে হামলার নিন্দায় ভারতীয় দূতাবাস
গত কয়েকদিনে রিয়াধের বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে হুথি (Houthis) গোষ্ঠী। এই হামলার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিবৃতিতে শনিবারের হামলার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'গত কয়েকদিনে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। ১০ অক্টোবরের কাপুরুষোচিত হামলায় প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।' একইসঙ্গে সাধারণ নাগরিক এবং তাঁদের ব্যবহৃত পরিকাঠামোর উপর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, 'সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে বারবার হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।' সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সে দেশের সরকার ও জনগণের পাশে থাকার বার্তাও দিয়েছে ভারত। দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে নয়াদিল্লি।
ফের হামলার হুঁশিয়ারি হুথির
এদিকে, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমার নিরাপত্তা নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে হুথি গোষ্ঠী। বিমান সংস্থা, বিমানকর্মী, বিশেষজ্ঞ এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে তারা। পাশাপাশি, হামলা প্রতিহত করার চেষ্টা ব্যর্থ হলে তার দায় সৌদি আরবের উপর বর্তাবে বলেও দাবি করেছে তারা। তবে মক্কা (Mecca) ও মদিনার (Medina) বিমানবন্দরকে এই সতর্কবার্তার আওতার বাইরে রেখেছে হুথি গোষ্ঠী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


