8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন? নয়া আপডেট
অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে জল্পনা। NPS-এর পরিবর্তে বা তার পাশাপাশি নিশ্চিত পেনশন চালু হতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অবসরের পর কত টাকা পেনশন পাওয়া যাবে? জেনে নিন

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। বেতন বৃদ্ধি থেকে শুরু করে ফিটমেন্ট ফ্যাক্টর— একাধিক বিষয় নিয়ে চর্চা চলছে।

তবে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পেনশন ব্যবস্থা। বিশেষ করে অবসরের পর নিশ্চিত বা গ্যারান্টিযুক্ত পেনশন পাওয়া যাবে কি না, তা নিয়েই বাড়ছে জল্পনা।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটি বড় অংশ ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর আওতায় রয়েছেন। ২০০৪ সালের পর যাঁরা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের জন্য পুরনো পেনশন স্কিম বা OPS বন্ধ করে চালু করা হয়েছিল NPS।
এই ব্যবস্থায় অবসরের পরে কত টাকা পেনশন পাওয়া যাবে, তা নির্ভর করে বাজারের উপর। ফলে অনেক কর্মচারীর মধ্যেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরেই নিশ্চিত পেনশনের দাবি জানিয়ে আসছে। তাঁদের বক্তব্য, চাকরিজীবনের শেষে স্থায়ী আর্থিক নিরাপত্তা থাকা প্রয়োজন। সেই কারণেই ফের পুরনো পেনশন স্কিম চালু করা বা অন্তত ন্যূনতম গ্যারান্টিযুক্ত পেনশন চালুর দাবি উঠছে।
অষ্টম বেতন কমিশনের কাছে 'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন' (AINPSEF) দাবি করেছে, অবসরের পর কর্মীদের যেন শেষ বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসেবে দেওয়া হয়। এর সঙ্গে যেন জুড়ে দেওয়া হয় মহার্ঘ ভাতা বা DA। এখানেই শেষ নয়, কোনও কারণে কর্মীর মৃত্যু হলে, পরিবার যেন পেনশনের ৬০ শতাংশ পায়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।
সূত্রের খবর, অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে আলোচনা যত এগোচ্ছে, ততই পেনশন কাঠামো নিয়েও নতুন করে ভাবনা শুরু হয়েছে কেন্দ্রের অন্দরে। যদিও সরকারিভাবে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও কর্মচারীদের একাংশ মনে করছেন, নতুন কমিশনে অবসরকালীন সুবিধার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এমন কোনও মডেল আনা হতে পারে যেখানে NPS বজায় রেখেও ন্যূনতম নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা দেওয়া হবে। অর্থাৎ বাজারের ওঠানামা থাকলেও কর্মচারীরা একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন পাবেন। এতে অবসরের পরে আর্থিক নিরাপত্তা অনেকটাই বাড়বে।
তবে অর্থনীতিবিদদের একাংশ আবার সতর্ক করছেন, পুরনো পেনশন স্কিম সম্পূর্ণভাবে ফিরিয়ে আনলে সরকারের আর্থিক চাপ অনেকটাই বেড়ে যেতে পারে। কারণ OPS-এ পেনশনের পুরো দায় সরকারকেই বহন করতে হয়। সেই কারণে কেন্দ্র হয়তো এমন একটি মধ্যপন্থা খুঁজতে পারে, যেখানে কর্মচারীদের নিরাপত্তা এবং সরকারের আর্থিক ভারসাম্য— দু’টিই বজায় থাকবে।
এখানেই শেষ হয়নি ফেডারেশনের দাবি। অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যুর পর তার পরিবারের জন্য ৬০ শতাংশ ফ্যামিলি পেনশনের প্রস্তাবও দেওয়া হয়েছে মেমোরেন্ডামে। ২০৩৩ সাল থেকে বিপুল সংখ্যক NPS কর্মীর অবসর নেওয়ার কথা রয়েছে, তাই এখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে ফেডারেশনের তরফে।
যদিও সরকারের পক্ষ থেকে বা অষ্টম বেতন কমিশনের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে লক্ষ লক্ষ সরকারি কর্মী এখন তাকিয়ে আছেন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য সুপারিশের দিকে। আগামী দিনে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, তার উপর নির্ভর করছে লক্ষ লক্ষ কর্মচারীর অবসর-পরবর্তী আর্থিক ভবিষ্যৎ।

