Tamil Nadu Elections 2026: গোটা দেশের নজরে আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার বঙ্গ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। তবে একই সঙ্গে আজ ভোট হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতেও।
Tamil Nadu Elections 2026: গোটা দেশের নজরে আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার বঙ্গ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। তবে একই সঙ্গে আজ ভোট হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতেও। কড়া নিরাপত্তার মধ্যে দক্ষিণের এই রাজ্যে ভোট শুরু হয়েছে। একেবারে শান্তিতেই চলছে ভোটগ্রহণ। তামিলভূমির ভোটে সাধারণত বড় অশান্তি হয় না। তবে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঘটে। এবার তা নিয়ে বেশ সতর্ক কমিশন। এম কে স্ট্যালিনের রাজ্যে এক দফাতেই ২৩৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এবার সেখানে ২৩৪টি আসনে লড়ছেন ৪ হাজারের বেশি প্রার্থী। ভোটের ফল প্রকাশ হবে ৪ মে।
ভোট দিলেন স্ট্যালিন, উদয়নিধি, বিজয়-রা
এদিন সকালেই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর মন্ত্রী-পুত্র উদয়নিধিও ভোট দেন। তামিলনাড়ুর রাজনীতিতে ঝড় তুলে প্রবেশ করা চলচ্চিত্র তারকা বিজয়ও ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রনও। রাজ্যের প্রধান বিরোধী দল AIADMK-র বড় নেতারাও সকাল সকাল ভোট দিয়েছেন।
ভোট দিলেন বিজয়
কী কীরণে সবার নজরে তামিলনাড়ু
তামিলনাড়ুতে এবারের বিধানসভা নির্বাচন নানা কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আরও একবার ডিএমকে প্রধান ও কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী স্ট্যালিন ক্ষমতায় ফিরতে পারেন কি না, সেদিকেই নজর সবার। ২০২১ সালে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হন স্ট্যালিন। ২০২৪ লোকসভা ভোটে শূন্যতার পর বিজেপি এবার তামিলনাড়ুতে কতটা প্রভাব ফেলতে পারে সেটাও দেখার। জয়ললিতার মৃত্যুর পর গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত AIADMK কতটা বিরোধিতা গড়ে তুলতে পারে, সেটাও গুরুত্বপূর্ণ।তবে দেশের নজর এখন চলচ্চিত্র তারকা বিজয়ের দিকে।
জয়-পরাজয়ের ফ্যাক্টরের মাঝে বিজয়
নতুন দল খুলে সরাসরি স্ট্যালিন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে ভোটের ময়দানে নেমেছেন বিজয়। তামিল সিনেমার মহাতারকা নায়ক বিজয় এবার লড়ছেন দুটি আসন থেকে। এই প্রথম প্রার্থী তিনি। বিজয় লড়ছেন তিরুচিরাপল্লী পূর্ব ও পেরামবুর আসন থেকে। তরুণ সমাজের ভোট পেয়ে এবার বিজয় কিংমেকার হয়ে উঠতে পারে বলে অনুমান।
তামিলনাড়ুতে এবার মূলত ত্রিমুখী লড়াই
তামিলনাড়ুতে এবার মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে। একদিকে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট (INDIA)-এর অধীনে লড়ছে ডিএমকে, কংগ্রেস, বামদলগুলি, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। অন্যদিকে এনডিএ জোটের অধীনে লড়ছে এআইএডিএমকে, বিজেপি, পিএমকে ও এএমএমকে। এই দুই জোটের বিরুদ্ধে রাজ্যের ২৩৩টি আসনে লড়ছে বিজয়ের দল TVK।
কে কটি আসনে প্রার্থী দিয়েছে
রাজ্যের প্রধান শাসক দল DMK লড়ছে ১৭৬টি আসনে, কংগ্রেস ২৮টি, DMDK ১০টি, ভিসিকে ৮টি, বাম দলগুলি ১৮টি (সিপিএম ৫টি) এবং ২টিতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। অন্যদিকে NDA-র সবচেয়ে বড় শরিক AIADMK প্রার্থী দিয়েছে ১৭২টি আসনে, BJP ৩৩টি, PMK ১৮টি এবং AMMK ১১টি আসনে।
কী বলছে এক্সিট পোল
বিভিন্ন এক্সিট পোলে দেখানো হয়েছে, আরও একবার রাজ্যের ক্ষমতায় ফিরতে চলেছেন এম কে স্ট্যালিন। বিজয়ও বিধানসভায় খাতা খুলতে পারেন। বিজেপিও ভোট শতাংশ ও আসন বাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে।


