আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে আবার উত্তেজনা ছড়িয়েছে। দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। কয়েকদিন আগের একটি ঘটনার জেরেই নতুন করে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
গুয়াহাটি: অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে আবার উত্তেজনা ছড়াল। দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ভিড় সামলাতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। কয়েকদিন আগেই জমি দখলকে কেন্দ্র করে অরুণাচলের দিক থেকে অসমের বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। তার রেশ ধরেই এই নতুন সংঘর্ষ।
বৃহস্পতিবার অরুণাচল প্রদেশ লাগোয়া অসমের ধেমাজি জেলায় এই ঘটনাটি ঘটে। আগের দিনের গুলি চালনার ঘটনায় অসমের কয়েকজন বাসিন্দা আহত হয়েছিলেন। এরপরেই বিভিন্ন সংগঠন অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করে। এই অবরোধ দ্বিতীয় দিনে পড়ার পরেই নতুন করে সংঘর্ষ বাধে।
অসমের মিসিং জনগোষ্ঠীর ছাত্র সংগঠন 'তাকাম মিসিং পোরিন কেবাং' (TMPK) এবং অন্যান্য স্থানীয় সংগঠন মিলে বুধবার থেকে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করে। সংবাদ সংস্থা পিটিআই-কে এক আধিকারিক জানিয়েছেন, অবরোধ চলাকালীন অরুণাচলের দিক থেকে কিছু লোক অসমের বিক্ষোভকারীদের দিকে পাথর ছুড়তে শুরু করে। পাথর ছোড়ার ঘটনায় কয়েকজন আহত হওয়ার পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও জানান, ঘটনাটি ঘটেছে ধেমাজি জেলার সিলাপথার এলাকার লিকাবালি এন্ট্রি পয়েন্টে। অসম সরকারের এক আধিকারিক জানিয়েছেন, তিনি অরুণাচল পুলিশকে নিজেদের দিকের ভিড় সামলাতে তিন রাউন্ড শূন্যে গুলি চালাতে দেখেছেন।
প্রসঙ্গত, গত সোমবার অরুণাচলের বাসিন্দারা অসমের জমি দখল করেছে, এই অভিযোগে শুরু হওয়া বচসা সংঘর্ষে পরিণত হয়। অরুণাচল প্রদেশের দিক থেকে চালানো গুলিতে অসমের কয়েকজন বাসিন্দা আহত হন। এর প্রতিবাদেই বিভিন্ন সংগঠন অরুণাচল প্রদেশে অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে। বিক্ষোভকারীরা সীমান্তের এন্ট্রি পয়েন্টগুলিতে জরুরি পরিষেবা ও স্কুলের গাড়ি ছাড়া অরুণাচল প্রদেশে ঢোকা বা বেরোনোর সব গাড়ি আটকে দিচ্ছে। বিক্ষোভকারী সংগঠনগুলির দাবি, অবিলম্বে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে এবং গুলি চালানোর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


