Delhi Smog: রবিবার সকালে দিল্লির একিউআই ৩৫২-তে পৌঁছল, যা 'খুব খারাপ' পর্যায়ের। একাধিক জায়গায় বাতাসের মান 'গুরুতর'। পাশাপাশি নতুন এক সমীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ দূষিত বাতাসে থাকলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Delhi Smog: রবিবার সকালে দিল্লির বাতাসের গুণমান সূচক বা একিউআই (AQI) ৩৫২-তে পৌঁছল। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, বাতাসের এই অবস্থা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। এর পাশাপাশি, গোটা রাজধানী জুড়ে ঘন ধোঁয়াশার আস্তরণ দেখা গিয়েছে।
পিএম১০ (PM10) এবং পিএম২.৫ (PM2.5) দূষকগুলির মাত্রা এখনও চিন্তার কারণ। সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত একাধিক মনিটরিং স্টেশনে বাতাসের অবস্থা ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে।
দূষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি
আইআইটি (IIT) দিল্লিতে একিউআই ৪২৫ রেকর্ড করা হয়েছে। এরপর আইটিও-তে (ITO) ৪১৫, কমনওয়েলথ স্পোর্টস কমপ্লেক্সে ৪০৩, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস এবং পুসায় ৪০২ ও বুরারি ক্রসিংয়ে ৪০০ একিউআই মাপা হয়েছে।
অন্যান্য স্টেশনের মধ্যে পঞ্জাবিবাগে ৩৮৬, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ৩৮৩, অক্ষরধাম মন্দিরে ৩৬৫, আর কে পুরমে ৩৩৯, ওখলা ফেস ২-এ ৩৩০ এবং ময়দানগড়িতে ৩২৫ একিউআই পাওয়া গিয়েছে।
তবে কিছু জায়গায় দূষণের মাত্রা তুলনামূলক ভাবে কিছুটা কম। যেমন নজফগড়ে ২৯৮, ইগনু-ময়দানগড়িতে ২৭৮ এবং আইএমডি লোধি রোডে ২৮০ একিউআই রেকর্ড করা হয়েছে, যা ‘খারাপ’ পর্যায়ে পড়ে। ক্যান্টনমেন্ট এলাকায় একিউআই ১৬৫ থাকায় সেখানকার বাতাসকে ‘মাঝারি’ পর্যায়ের বলা চলে।
গত ৬ নভেম্বর এনসিআর (NCR) এবং সংলগ্ন এলাকাগুলোতে গ্র্যাপ ৩ (GRAP 3) চালুর নির্দেশ দিয়েছে দ্য কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
অন্যদিকে, জার্নাল অফ ভাসকুলার ডিজিজেস-এ প্রকাশিত এক জনস্বাস্থ্য সমীক্ষায় গবেষকরা দেখেছেন, সূক্ষ্ম ধূলিকণার (PM) মধ্যে দীর্ঘক্ষণ থাকলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১০ থেকে ১৬ শতাংশ বেড়ে যায়।
সারা বিশ্বের প্রায় ২০ কোটিরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে এই সমীক্ষা বলছে যে, বায়ুদূষণ এখন আর শুধু হৃৎপিণ্ড বা ফুসফুসের সমস্যা নয়। এটি শরীরের মেটাবলিজমেও বড় প্রভাব ফেলছে। দক্ষিণ এশিয়ার মতো বেশি দূষিত এলাকাগুলোতে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
এই সমীক্ষাটি ফর্টিস সি-ডক হাসপাতালের ডায়াবেটিস এবং এন্ডোক্রিনোলজি বিভাগের ডিরেক্টর ও পদ্মশ্রী চিকিৎসক অনুপ মিশ্র, যশোন্দ্র শেঠি, নির্জা কাকা, সৌরভ সিঙ্ঘল, মানবী বাসুদেব এবং গিউসেপ বিওন্ডি-জোক্কাই মিলে করেছেন।














