UP Storm Viral Video: সিনেমার চিত্রনাট্যও হার মানল এই বাস্তব ঘটনার মাঝে। উত্তরপ্রদেশের বারেলির বামিয়ানা গ্রামে ভয়াবহ ঝড়ের মধ্যে ঘটে গেল সিনেমাকেও হার মানানো এক ঘটনা। প্রবল ঝড়ে টিনের ছাউনি-সহ আকাশে উড়ে গেলেন এক ব্যক্তি।
UP Storm Viral Video: সিনেমার চিত্রনাট্যও হার মানল এই বাস্তব ঘটনার মাঝে। উত্তরপ্রদেশের বারেলির বামিয়ানা গ্রামে ভয়াবহ ঝড়ের মধ্যে ঘটে গেল সিনেমাকেও হার মানানো এক ঘটনা। প্রবল ঝড়ে টিনের ছাউনি-সহ আকাশে উড়ে গেলেন এক ব্যক্তি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রায় ৫০ ফুট উঁচুতে আকাশে ছিটকে যান নানহে মিঞা নামের সেই ব্যক্তি। এরপর কী ঘটে?

ঠিক কী ঘটেছিল
জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম নানহে মিঞা। বেরেলির একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ছিলেন তিনি। সেই সময় আচমকাই শুরু হয় প্রবল ঝড়। ঝোড়ো হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে বিয়েবাড়ির বড় টিনের ছাউনি দুলতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে কিংবা নিজেকে বাঁচাতে ছাউনির একটি অংশ শক্ত করে ধরে ছিলেন নানহে মিঞা। কিন্তু মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয় পরিস্থিতি। প্রবল ঝড়ে গোটা টিনের কাঠামো উপড়ে যায়। আর সেই কাঠামো আঁকড়ে থাকতেই প্রায় ৫০ ফুট উঁচুতে আকাশে ছিটকে যান নানহে মিঞা। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক সেকেন্ড ধরে তিনি টিনের সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছেন। তারপর আচমকাই মাটিতে ছিটকে পড়েন।
দেখুন নানহে মিঞা-র উড়ে যাওয়ার ভিডিও
তারপর কী হয়
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেরেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, তাঁর দুই হাত ও দুই পায়ে একাধিক হাড় ভেঙেছে। তবে আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। নানহে মিঞার আকাশে উড়ে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই ভিডিয়ো দেখে হতবাক। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ভিডিয়োটি আদৌ বাস্তব নাকি স্লো মোশনে তোলা। তবে স্থানীয়দের দাবি, ঘটনাটি সম্পূর্ণ বাস্তব এবং সেই ভয়াবহ মুহূর্ত প্রত্যক্ষ করেছেন অনেকে। প্রকৃতির ভয়ঙ্কর শক্তির সামনে মানুষ কতটা অসহায় হয়ে পড়তে পারে, আবার একই সঙ্গে বেঁচে থাকার লড়াই কতটা শক্তিশালী হতে পারে, নানহে মিঞার ঘটনা যেন সেই বার্তাই তুলে ধরল।
কয়েক ঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড ইউপি
এদিকে, উত্তরপ্রদেশ জুড়ে ওই প্রাক-বর্ষার ঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। প্রবল ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ায় বেসামাল যোগী আদিত্যনাথের রাজ্য। UP-র একাধিক জেলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাড়তে পারে এই সংখ্যা- এমনই অনুমান অনেকের। ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে বাড়িঘর। বিস্তীর্ণ এলাকায় এখন বিদ্যুৎ নেই। পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।


