128 Year Old Man: দুনিয়ার সবচেয়ে বেশি বয়েসের মানুষের খোঁজ মিলল। নাইজেরিয়ার এক বৃদ্ধর বয়স ১২৮ বছর বলে দাবি করা হল! সেই দাবি যদি সত্য়ি হয় তাহলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হতে পারেন নাইজেরিয়ান সেই বৃদ্ধই।

128 Year Old Man: দুনিয়ার প্রবীণতম মানুষের খোঁজ মিলল! নাইজেরিয়ার এক বৃদ্ধর বয়স ১২৮ বছর বলে দাবি করা হল! সেই দাবি যদি সত্য়ি হয় তাহলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হতে পারেন নাইজেরিয়ান সেই বৃদ্ধই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ও ভিডিও অনুযায়ী, ওই ব্যক্তির জন্ম ১৮৯৮ সালে। সেই হিসাব অনুযায়ী চলতি বছর ৯ মার্চ তিনি তাঁর বয়স ১২৮ বছরে পড়বেন বলে দাবি করা হচ্ছে। তিনি নাইজেরিয়ার ইমো প্রদেশের এমবাইতোলি লোকাল গভর্নমেন্ট এরিয়ার অবাজু এমবিয়েরি গ্রামে বসবাস করেন। তবে সেখানে আগে জন্ম নথিভুক্তকরণ চালু ছিল না বলে মিলছে না সরকারি প্রমাণ। তাঁর বয়স যে ১২৮ তার প্রমাণ হিসাবে রয়েছে একটা চিঠি। যে চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে তিনি ১৮৯৮ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন।

বিশেষজ্ঞরা ও সরকারি নথি কী বলছে

বিশেষজ্ঞদের মতে, ১২০ বছরের বেশি বয়সের দাবি সাধারণত কঠোর নথিপত্র ছাড়া যাচাই করা কঠিন। বর্তমানে বিশ্বে সরকারিভাবে স্বীকৃত সবচেয়ে বয়স্ক মানুষের বয়স ১১৭ বছর। স্থানীয় সূত্র ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বলা হয়েছে, একটি পুরনো চিঠিকে তাঁর বয়সের প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। ওই চিঠিটি নাকি ১৯১৮ সালের, যখন তাঁর বয়স ছিল প্রায় ২০ বছর।

দেখুন নিজের বয়স ১২৮ বছর দাবি করা সেই ব্যক্তিকে

Scroll to load tweet…

ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে

অবিশ্বাস্য হলেও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বৃদ্ধ ব্যক্তি এখনও বেশ সক্রিয়। দাবি করা হচ্ছে, তাঁর কোনও ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের সমস্যা নেই। তিনি নাকি নিজের পায়ে হাঁটতে পারেন এবং কারও সাহায্য ছাড়াই চলাফেরা করেন। এমনকি একটি ভিডিওতে তাঁকে বই পড়তেও দেখা গেছে। স্থানীয়দের দাবি, তাঁর দৃষ্টি এখনও স্পষ্ট, কথাবার্তাও পরিষ্কার। অতীতের নানা ঘটনা তিনি এখনও মনে করতে পারেন এবং গল্পের মতো করে তা শুনিয়েও থাকেন।

প্রথম বিশ্বযুদ্ধের কথা তাঁর দিব্যি মনে আছে

ভাইরাল সাক্ষাৎকারে নিজের বয়স ১২৮ বছর দাবি করা সেই ব্যক্তি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু স্মৃতির কথাও বলেছেন বলে দাবি করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯১৫ সালের দিককার কিছু ঘটনাও তিনি মনে করতে পারেন। পাশাপাশি তিনি নাকি তাঁর এলাকায় প্রথম অ্যাঙ্গলিকান চার্চ নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন। এই সমস্ত দাবি ঘিরে অনেকেই বলছেন, যদি সত্যি হয় তাহলে তিনি আফ্রিকা তো বটেই, সম্ভবত বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হতে পারেন। তবে এখনও পর্যন্ত কোনও সরকারি নথি বা আন্তর্জাতিক সংস্থা এই দাবির সত্যতা স্বীকার করেনি। বিশ্বরেকর্ড সংস্থা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কোনও স্বীকৃতি দেওয়া হয়নি। এদিকে, স্থানীয়দের উদ্যোগে আগামী ৯ মার্চ ওই ব্যক্তির জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনার কথাও সামনে এসেছে।

দুনিয়ার স্বীকৃত সবচেয়ে বয়স্ক মানুষ এথেল ক্যাটারহ্যাম (১১৬ বছর)

বর্তমানে সরকারি ভাবে স্বীকৃত বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ব্রিটেনের এথেল ক্য়াটারহাম (Ethel Caterham)। সারের বাসিন্দা সেই মহিলার জন্ম ১৯০৯ সালের ২১ আগস্ট । ২০২৬ সালের মার্চের শুরু পর্যন্ত তাঁর বয়স প্রায় ১১৬ বছর। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০২৫ সালের এপ্রিল মাসে ব্রাজিলের ইনহা কানাবারো লুকাসেরমৃত্যুর পর থেকেই এথেলেই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃত।