ইরানকে ঘিরে যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। সে দেশের উপকূলের কাছে একটি ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রে তেলের আস্তরণ ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং উত্তর আমিরশাহির উম্ম আল কুয়েইনের উপকূলের কাছে পৌঁছে যাচ্ছে।
ইরানকে ঘিরে যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। সে দেশের উপকূলের কাছে একটি ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রে তেলের আস্তরণ ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং উত্তর আমিরশাহির উম্ম আল কুয়েইনের উপকূলের কাছে পৌঁছে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে একাধিক এলাকায় সৈকত ও উপকূলবর্তী অঞ্চলে মানুষের প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল তেলের বিস্তার
২৪ অক্টোবরের স্যাটেলাইট ছবিতে সমুদ্রের উপর তেলের আস্তরণ আরও বিস্তৃত হতে দেখা গিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল-২ স্যাটেলাইটের ছবিতে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার চিহ্ন ধরা পড়েছে। এই তেল উপকূলের আরও কাছে পৌঁছে যাওয়ায় সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
তিনটি আমিরশাহিতে সৈকত বন্ধ
পরিস্থিতি মোকাবিলায় উম্ম আল কুয়েইন শহরের আশপাশের সমস্ত সৈকত ও উপকূলবর্তী এলাকা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রতিবেশী শারজায় আল হামরিয়া সৈকতেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, রাস আল খাইমার সমস্ত সৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের বিস্তার কতটা হয়েছে এবং তা কোন দিকে এগোচ্ছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তেল ছড়িয়ে পড়ার ফলে পরিবেশের কতটা ক্ষতি হয়েছে, তা নির্ধারণের কাজও চলছে।
কোন জাহাজ থেকে ছড়াচ্ছে তেল?
UAE-র কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারের নাম বা তেল ছড়িয়ে পড়ার নির্দিষ্ট কারণ জানায়নি। তবে বিশেষজ্ঞদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ‘জেম নম্বর ২’ (Gem No. 2) নামের একটি ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।
জাহাজ চলাচল সংক্রান্ত সূত্রের দাবি, গত মাসে অজ্ঞাত কোনও প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন লেগেছিল। পরে সেই আগুন নেভানো হয়। স্যাটেলাইট ছবিতে জাহাজটির গঠন এবং ডেকের কিছু বৈশিষ্ট্য আগের ছবির সঙ্গে মিলে গিয়েছে। তবে তেল ছড়িয়ে পড়ার সঙ্গে ওই ঘটনার সরাসরি যোগ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ
পারস্য উপসাগরের জলজ পরিবেশে মাছ, প্রবাল, ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপ-সহ বহু প্রজাতির প্রাণী রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN-এর তথ্য অনুযায়ী, উপসাগরের জলে ৫০০-রও বেশি প্রজাতির মাছ পাওয়া যায়। সমুদ্রে তেল ছড়িয়ে পড়লে জলজ প্রাণীর বাসস্থান, খাদ্যশৃঙ্খল এবং উপকূলীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ফলে তেলের বিস্তার নিয়ন্ত্রণ এবং পরিবেশের ক্ষয়ক্ষতি নিরূপণ এখন UAE-র কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ।
হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে সামুদ্রিক নিরাপত্তার উদ্বেগ
ইরানকে কেন্দ্র করে সংঘাতের আবহে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। হরমুজ প্রণালী এবং আশপাশের জলপথে জাহাজের উপর হামলার ঘটনা সামুদ্রিক বাণিজ্যের পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও বাড়াচ্ছে। তবে UAE-র উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় কারা দায়ী, তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতির উপর নজর রাখছেন কর্তৃপক্ষ।


