Afghanistan Blast: আফগানিস্তানের কুনারে শাগি মিডল স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু এবং ১১০ জন আহত। মৃতদের অধিকাংশই স্কুল পড়ুয়া। খনি সংস্থার বিস্ফোরক মজুত নিয়ে গাফিলতির তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Afghanistan Blast: আফগানিস্তানের পূর্ব কুনার প্রদেশে শাগি মিডল স্কুলের কাছে ফের ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এবং ১১০ জন আহত হয়েছেন। স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, নিহতদের ৯৭ শতাংশই স্কুল পড়ুয়া, আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, স্কুলের কাছে খনি সংস্থাগুলির একটি সুবিধায় বিস্ফোরক সংরক্ষণ ও প্রস্তুত করার ক্ষেত্রে সম্ভাব্য গাফিলতির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনও তদন্তের ফলাফল ঘোষণা করেনি।

আফগানিস্তানে ফের বিস্ফোরণ, নিহত শতাধিক স্কুল পড়ুয়া:-

আফগান টোলো নিউজ সূত্রে খবর, প্রাদেশিক রাজধানী আসাদাবাদের স্কুলের কাছে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বাড়িটি কুনার-নুরিস্তান হাইওয়ে বরাবর খনির কাজ এবং পাথর বিস্ফোরণের জন্য বিস্ফোরক প্রস্তুত করতে ব্যবহৃত হচ্ছিল। বিস্ফোরণে নিকটবর্তী স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে নিহত ও আহতদের বেশিরভাগই ছিল পড়ুয়া। বিস্ফোরণে স্কুলের জানালার কাঁচও ভেঙে যায়। জানা গিয়েছে, ভাঙা কাঁচ এবং ছাদ ভেঙে পড়ুয়ারা আহত হয়েছে।

ঘটনার কথা স্মরণ করে শাগি মিডল স্কুলের পড়ুয়া তাসল টোলো নিউজকে বলেন, "সকালে আমরা আমাদের ক্লাসরুমে বসেছিলাম, হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। জানালার কাঁচ ভেঙে যায় এবং আমাদের অনেক সহপাঠী গুরুতর আহত হয়। তবে আমরা পালিয়ে এসেছি, আল্লাহ আমাদের মৃত্যু থেকে রক্ষা করেছেন।"
স্কুলের এক কর্মী লতিফুল্লাহ বলেন, বিস্ফোরণে পড়ুয়ারা মারা যায় ও আহত হয়, আর তাদের জিনিসপত্র স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।
তিনি বলেন, “হঠাৎ স্কুলের পাশের একটা বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পড়ুয়ারা আহত এবং শহীদ হয়েছিল, তাদের বই, খাতা, কলম এবং জুতো পড়ে ছিল।”

আহত এক পড়ুয়ার আত্মীয় নজিবুল্লাহ টোলো নিউজকে জানান, তিনি তাঁর দোকান থেকে বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান।
তিনি বলেন, "শিক্ষক ও পড়ুয়ারা আতঙ্কিত ছিল; পড়ুয়ারা রক্তে ভিজে ছিল এবং স্কুলের জানালা ভেঙে গিয়েছিল। কাঁচ ও ছাদ ভেঙে পড়ুয়ারা আহত হয়।"
অন্য এক আহত পড়ুয়ার দাদু আমানত খান বলেন, তাঁর নাতির পা, পেট, মাথা ও হাতে আঘাত লেগেছে।
কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সামিউল হক হকবায়ান টোলো নিউজকে জানান, আহতদের কুনার প্রাদেশিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের নানগারহার আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টোলো নিউজের মতে, স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন যে সামান্য আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের অবস্থা স্থিতিশীল।
শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বিস্ফোরক পদার্থের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনা। শিক্ষা মন্ত্রক এক বিবৃতিতে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহত পড়ুয়াদের চিকিৎসা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দিয়েছে।

আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইও এই ঘটনার নিন্দা করেছেন এবং আহতদের জন্য জরুরি চিকিৎসা সহায়তার আহ্বান জানিয়েছেন। কাবুলে স্কুল পড়ুয়াদের ওপর হামলার কয়েক মাস পর এই নতুন বিস্ফোরণ ঘটল। অগাস্ট মাসে, আফগান রাজধানীতে একটি স্কুল কমপ্লেক্সে হ্যান্ড গ্রেনেড হামলায় নয় থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়, আল জাজিরা এমনটাই জানিয়েছে। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।