মার্কিন সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত একটি রায়ের কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই রায়ের ফলে সরকারের কয়েক হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে এবং অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে।
নিজের শুল্ক নীতির একাংশ বাতিল করা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের ফের কড়া সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি দাবি করেন, আদালতের এই সিদ্ধান্তের জেরে সরকারের কয়েক হাজার কোটি ডলারের রাজস্ব ক্ষতি হয়েছে। পাশাপাশি, মার্কিন অর্থনীতিও বড়সড় ধাক্কা খেয়েছে।
টেনেসি-তে একটি রাজনৈতিক সমাবেশ সেরে ফেরার পথে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। গত অর্থবর্ষে রাজকোষ ঘাটতি ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছানো নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের ওই রায়কেই কাঠগড়ায় তোলেন।
ট্রাম্প বলেন, "সুপ্রিম কোর্ট আমাদের মারাত্মক ক্ষতি করেছে। কারণ তারা চেয়েছিল আমরা যেন একটা নির্দিষ্ট শুল্ক ফিরিয়ে দিই। আপনারা জানেন, আমার অনেক ধরনের শুল্ক নীতি আছে, কিন্তু ওরা একটা নির্দিষ্ট শুল্ক বাতিল করতে বলেছিল। আর সেটার পরিমাণ ছিল কয়েক হাজার কোটি ডলার।" তিনি আরও বলেন, "তাই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আমাদের দেশের জন্য খুব খারাপ হয়েছে। দেশের জন্য অত্যন্ত খারাপ।"
তবে এই রায়ের ফলে ঠিক কত টাকার শুল্ক রাজস্ব মার খেয়েছে বা রাজকোষ ঘাটতিতে এর কতটা প্রভাব পড়েছে, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু জানাননি।
এর আগে টেনেসির ক্লার্কসভিল-এ রিপাবলিকানদের একটি প্রচার সভায় নিজের বাণিজ্য নীতির পক্ষে জোর সওয়াল করেন তিনি। আমদানি শুল্ককেই তাঁর সরকারের আর্থিক কর্মসূচির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন ট্রাম্প।
তাঁর দাবি, আমদানি শুল্কের কারণে বিপুল পরিমাণ সরকারি তহবিল তৈরি হচ্ছে। এর ফলে দেশি-বিদেশি কোম্পানিগুলো আমেরিকার মাটিতেই কারখানা তৈরিতে উৎসাহ পাচ্ছে। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "শুল্কের কারণেই আমরা বড়লোক হচ্ছি।" তাঁর দাবি, সরকার এর মাধ্যমে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করছে।
পাশাপাশি তিনি জানান, তাঁর সরকার ইতিমধ্যেই ২১ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছে। যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই শুল্ক নীতিকেই হাতিয়ার করেছেন ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫,০০০ ডলার করে দেওয়া হবে।
তিনি বলেন, "আমি আমেরিকার সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলার করে দেব।" তিনি জানান, আমদানি শুল্কের টাকা থেকেই এই অর্থ দেওয়া হবে। এর জন্য মোট খরচ হবে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
নিজের বাণিজ্য নীতির সাফল্যের উদাহরণ দিতে গিয়ে টেনেসিতে কোরিয়া জিঙ্ক এবং জেনারেল মোটরস-এর বিনিয়োগের কথা তুলে ধরেন ট্রাম্প।
তিনি জানান, মন্টগোমারি এবং স্মিথ কাউন্টিতে কোরিয়া জিঙ্ক ৬ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, স্প্রিং হিল কারখানায় ২৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে জেনারেল মোটরস।
মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানরা যখন বাণিজ্য নীতি, উৎপাদন খাতে বিনিয়োগ এবং জীবনযাত্রার ব্যয়ের ওপর জোর দিচ্ছে, ঠিক সেই সময়েই নিজের অর্থনৈতিক সাফল্য তুলে ধরতে সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করেছেন ট্রাম্প।


