North Korea Launches Missile: শনিবার ফের ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। এরপরেই জাপানে জরুরি সতর্কতা জারি করা হয়। প্রধানমন্ত্রী সানে তাকাইচির প্রশাসন পরিস্থিতি সামলাতে একটি ক্রাইসিস টিম তৈরি করেছে।
ইরানের সঙ্গে আমেরিকা- ইজরায়েলের যুদ্ধের কারণে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এবার উত্তর কোরিয়ার কিম জং উনের যুদ্ধের দামামায়
শনিবার পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। ইরান যুদ্ধের আবহে আর হাত গুটিয়ে বসে থাকতে পারল না উত্তর কোরিয়ার কিম জং উন। শনিবার উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে। যা আছড়ে পড়ে জাপানের কাছে। পিয়ংইয়ং-এর সামরিক কার্যকলাপের পর জাপানের সরকার একটি জরুরি সতর্কতা জারি করেছে।
জাপানে সতর্কতা জারি
জাপানের প্রধানমন্ত্রীর অফিস এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখে: "[জরুরি সতর্কতা] উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। আরও খবর পরে জানানো হবে।" এই সতর্কতার পরেই জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির প্রশাসন মিসাইলের গতিপথ নজরে রাখতে জরুরি ব্যবস্থা নেয়। উল্লেখ্য, তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি সম্প্রতি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কড়া মনোভাব দেখিয়েছেন।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল হানা
জাপানের সরকারি সংবাদমাধ্যম NHK শনিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার এই নতুন অস্ত্র পরীক্ষার ফলে ওই অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্যের ভিত্তিতে জাপান কোস্ট গার্ড শনিবার দুপুর ১:৩০ মিনিটে জানায় যে, উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পর কোস্ট গার্ড সমুদ্রে থাকা জাহাজগুলিকে পরবর্তী আপডেটের জন্য সতর্ক থাকতে বলেছে। NHK-এর খবর অনুযায়ী, মিসাইলটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ)-এর বাইরের সমুদ্রে পড়েছে বলে মনে করা হচ্ছে। তাই জাপানের ভূখণ্ডে সরাসরি বিপদের আশঙ্কা আপাতত কেটে গেছে।
কিওডো নিউজ জানিয়েছে, সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে যে মিসাইলটি EEZ-এর বাইরেই পড়েছে। এখনও পর্যন্ত এই মিসাইল হানার কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নজর রাখছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সেনাও এই কার্যকলাপ নজরে রেখেছে। তারা জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব দিকে অন্তত একটি অজ্ঞাত মিসাইল ছুঁড়েছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে জাপানের সরকার প্রধানমন্ত্রীর অফিসের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে একটি জরুরি দল গঠন করেছে। এই দলে বিভিন্ন মন্ত্রক ও এজেন্সির আধিকারিকরা রয়েছেন। কিওডো নিউজের মতে, এই বছরের শুরুতেও পিয়ংইয়ং একই ধরনের সামরিক মহড়া দেখিয়েছিল। এর আগে ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল। সেই দুটিও জাপানের EEZ-এর বাইরে পড়েছিল বলে মনে করা হয়।


