Sheikh Hasina Return: ১৬ ডিসেম্বর বাংলাদেশে (Bangladesh) ফেরার কথা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঢাকায় (Dhaka) প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হতেই বাংলাদেশে অশান্তি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় হাসিনার দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। রাজনৈতিক হিংসার ঘটনাও দেখা যাচ্ছে। এরই মধ্যে ঢাকায় ফিরতে বদ্ধপরিকর হাসিনা।

DID YOU
KNOW
?
দিল্লিতে শেখ হাসিনা
বাংলাদেশ ছেড়ে ভারতে এসে দিল্লিতে আছেন শেখ হাসিনা। তিনি এবার বাংলাদেশে ফিরতে চাইছেন।

Sheikh Hasina Bangladesh Return: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে এবার বাংলাদেশের তারেক রহমান (Tarique Rahman) সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রতিরক্ষা দফতর পেন্টাগনের (Pentagon) প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন (Michael Rubin)। তাঁর স্পষ্ট বার্তা, হাসিনার সামান্যতম ক্ষতি হলেও তার সম্পূর্ণ দায় নিতে হবে বাংলাদেশের বর্তমান সরকারকে। একইসঙ্গে এই ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোনওরকম আপস না করার জন্য ভারতকেও পরামর্শ দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে (New York) আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রুবিন বলেন, 'আগেভাগেই প্রধানমন্ত্রী (তারেক) রহমান এবং অন্যদের জানিয়ে দেওয়া উচিত যে শেখ হাসিনার মাথার একটি চুলেরও যদি ক্ষতি হয়, তাহলে তার জন্য একমাত্র তাঁরাই দায়ী থাকবেন।' ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে কর্মরত ছিলেন রুবিন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মার্কিন রাষ্ট্রদূত-সহ অন্যান্য দেশের কূটনীতিকদেরও ঢাকার সরকারকে একই বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কের ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন হাসিনা।

বাংলাদেশে ফিরতে মরিয়া হাসিনা

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে দেশে ফেরার সম্ভাব্য দিন হিসেবে ঘোষণা করেছেন হাসিনা। তাঁর এই ঘোষণার সময় বাংলাদেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা এবং হিংসার পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আওয়ামী লিগের কর্মী-সমর্থকরা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির অভিযোগ, হাসিনার দেশে ফেরার পথে বাধা তৈরি করছে বর্তমান সরকার। তবে হাসিনার প্রত্যাবর্তনের পথ মোটেই সহজ নয়। ২০২৪ সালের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই আন্দোলন ও তার পরবর্তী হিংসায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের বর্তমান সরকার ইতিমধ্যেই জানিয়েছে, হাসিনা দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে।

বাংলাদেশে ফিরতে পারবেন হাসিনা?

হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থার বিশেষ বিমানের ব্যবস্থা করারও আবেদন জানিয়েছেন। কিন্তু হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফেরাতে অনড় তারেক সরকার। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য, ‘কোনও সন্ত্রাসবাদীকে প্রত্যর্পণ ছাড়া দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁকে হাতকড়া পরিয়েই ফিরিয়ে আনা যেতে পারে।’ তবে প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পন্ন করতে পাসপোর্ট অথবা বিশেষ ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন। এখানেই তৈরি হয়েছে জটিলতা। হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বদলে বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে তা বিলম্বিত করতে চাইছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই বাংলাদেশের সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন রুবিন। হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব এই প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা আধিকারিক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।