
Mexico Flood: রাস্তায় এক মিটার জল! স্রোতে ভেসে গেল একের পর এক গাড়ি
প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি মেক্সিকোর স্টেট অফ মেক্সিকো বা এডোমেক্সে। বিকেলে শুরু হওয়া তুমুল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাতেপেক দে মোরেলোস এবং ত্লালনেপান্তলা দে বাজ় পুরসভা এলাকা।
প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি মেক্সিকোর স্টেট অফ মেক্সিকো বা এডোমেক্সে। বিকেলে শুরু হওয়া তুমুল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাতেপেক দে মোরেলোস এবং ত্লালনেপান্তলা দে বাজ় পুরসভা এলাকা। প্রবল জলের স্রোতে রাস্তায় আটকে পড়ে একাধিক গাড়ি। কোথাও কোথাও গাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায় বন্যার জল।জানা গিয়েছে, সিয়েরা দে গুয়াদালুপে পার্বত্য এলাকার উঁচু অঞ্চল থেকে নেমে আসা জলের সঙ্গে প্রবল বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। অল্প সময়ের মধ্যেই এলাকার নিকাশি ব্যবস্থা জলের চাপ সামলাতে পারেনি। ফলে রাস্তা ও প্রধান সড়কগুলি কার্যত নদীর রূপ নেয়।
একাতেপেকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে ভিয়া মোরেলোস। সেখানে কোথাও কোথাও জলের উচ্চতা ৪৫ সেন্টিমিটারের বেশি, এমনকি কিছু জায়গায় ৫০ সেন্টিমিটারও ছাড়িয়ে যায়। ফলে বহু গাড়ি জলের মধ্যে আটকে পড়ে। কলোনিয়া সান্তা ক্লারা এলাকায়ও দ্রুত জল বাড়তে শুরু করে। বিশেষ করে ভিয়া মোরেলোসের কাছে অ্যাভিনিউ মিগুয়েল ইদালগোতে পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। তুলপেতলাক এলাকায় আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। সেখানে জলের স্রোত প্রায় এক মিটার পর্যন্ত পৌঁছে যায় বলে খবর। প্রবল স্রোতে কয়েকটি গাড়ি ভেসে যেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্যার স্রোতে গাড়ির পাশাপাশি আবর্জনা ও নানা জিনিসপত্র ভেসে যাচ্ছে।
একাতেপেকের জার্দিনেস দে সান্তা ক্লারা, ক্লিনিকা ৭৬, জুয়ান দিয়েগো, ব্যাঙ্কিং জোন, সান পেদ্রো জালস্তক, রুস্তিকা জালস্তক এবং হ্যাঙ্ক গঞ্জালেস-সহ একাধিক এলাকায় জল ঢুকে পড়ে। সান পেদ্রো জালস্তকের অ্যাভিনিউ বেনিতো জুয়ারেজ এবং অ্যাভিনিউ কামিনো আ সান আন্দ্রেস এলাকাও বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়।
অন্য দিকে, ত্লালনেপান্তলা দে বাজ়ের দেপোর্তিভো কারাকোলেস এলাকার কাছে বন্যার স্রোত এতটাই তীব্র ছিল যে, একটি পিক-আপ ট্রাককে কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় জল। আরবোলিতোস জালস্তক এলাকায় প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত জল জমে যায়। লাজারো কার্দেনাস, লস কারাকোলেস, লা প্রেসা এবং এহিদো এলাকাতেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়।