অতীতের সব নজির ভেঙে পাকিস্তানে বড় হামলা চালাল আফগানিস্তান। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে তারা পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে।
অতীতের সব নজির ভেঙে পাকিস্তানে বড় হামলা চালাল আফগানিস্তান। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে তারা পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তালিবান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে যে তাদের বিমান বাহিনী রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ার বেস, কোয়েটার টুয়েলভ কর্পসের সদর দফতর, খাইবার পাখতুনখোয়ার মুহাম্মদ এজেন্সি এলাকা এবং ঘেলানি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে এই সুনির্দিষ্ট হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তালিবান সরকার জানিয়েছে, কাবুল, বাগরাম বিমান ঘাঁটি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিমান ঢুকেছিল। তার জবাবেই পাল্টা এই হামলা চালানো হয়েছে।
তালিবান তাদের বিবৃতিতে জানিয়েছে যে পাকিস্তান যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে বা আবার কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তাহলে তারা কঠোর এবং প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে। এই দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানি বিমান আফগান আকাশসীমায় প্রবেশ করেছে
আল-জাজিরার এক প্রতিবেদন অনুসারে, আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তালিবান সরকার দাবি করেছে যে তাদের বাহিনী পাকিস্তানি বিমানের উপর গুলি চালিয়েছে। দুই দেশের মধ্যে চলমান সংঘাত টানা চতুর্থ দিনে প্রবেশ করেছে। তালিবানের মতে, রবিবার সকালে পাকিস্তানি বিমানগুলি আফগান আকাশসীমায় প্রবেশ করে, যার ফলে বিমান বিধ্বংসী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। তালিবান আরও দাবি করেছে যে পাকিস্তানি বিমানগুলি বাগরাম বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল, কিন্তু আক্রমণটি ব্যর্থ করা হয়েছিল। বাগরাম হল একসময়ের মার্কিন সামরিক ঘাঁটি। যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আগ্রহ প্রকাশ করেছিলেন।


