Shark Attack: অস্ট্রেলিয়ার পার্থে ফের হাঙরের হামলায় মৃত্যু। পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে মাছ ধরতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারালেন এক ডুবুরি। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে মাইকেলমাস দ্বীপের কাছে।
Shark Attack: অস্ট্রেলিয়ার পার্থে ফের হাঙরের হামলায় মৃত্যু। পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে মাছ ধরতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারালেন এক ডুবুরি। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে মাইকেলমাস দ্বীপের কাছে। ইতিমধ্যেই মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, মৃত ব্যক্তি বছর পঁয়ত্রিশের এক যুবক। পরিবারের সদস্যদের সঙ্গে স্পিয়ার ফিশিং বা বর্শা দিয়ে মাছ শিকারে গিয়েছিলেন তিনি। সেই সময় সমুদ্রের জলে আচমকাই বিশাল আকারের একটি হাঙর তাঁর উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাড়ে চার মিটার লম্বা হাঙরটিকে হামলা করতে দেখা যায়। তবে সেটি কোন প্রজাতির হাঙর ছিল, তা এখনও নিশ্চিত করতে পারেননি বিশেষজ্ঞরা।

কীভাবে হামলা হাঙরের
হামলার পর দ্রুত নৌকায় করে ওই ডুবুরিকে তীরে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক ও জরুরি পরিষেবার কর্মীরা দীর্ঘক্ষণ ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় প্রকাশ করা হয়নি। চলতি বছরে পশ্চিম অস্ট্রেলিয়ায় এটি দ্বিতীয় প্রাণঘাতী হাঙর হামলা। এর আগে গত মাসে রটনেস্ট দ্বীপের কাছে ৩৮ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়েছিল হাঙরের আক্রমণে। শুধু পশ্চিম অস্ট্রেলিয়াই নয়, গোটা অস্ট্রেলিয়া জুড়েই হাঙরের হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছর এটি অস্ট্রেলিয়ায় চতুর্থ প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা। গত তিন সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত তিন জন।
আতঙ্কের নাম এখন মাইকেলমাস দ্বীপ
মাইকেলমাস দ্বীপ মূলত একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। সেখানে সাধারণ পর্যটকদের আনাগোনা তুলনামূলক কম। ঘটনার পর স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। সমুদ্রে নামার আগে হাঙরের উপস্থিতি সংক্রান্ত সতর্কবার্তা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন এবং উপকূলবর্তী এলাকায় মানুষের ভিড় বৃদ্ধি পাওয়ায় হাঙরের সঙ্গে মানুষের মুখোমুখি হওয়ার ঘটনাও বাড়ছে। ফলে অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলীয় অঞ্চলে হাঙরের হামলা এখন নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।


