বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি ঘিরে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। অন্যদিকে, আওয়ামী লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি ঘিরে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। অন্যদিকে, আওয়ামী লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)। ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বিষয়টি তুলতে পারে NCP। শুধু তাই নয়, জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই চার্টার বাস্তবায়নের দাবিও সামনে রাখতে চলেছে তারা। NCP-র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেওয়ার কথা। তবে হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রশ্নে BNP ও NCP-র মধ্যে মতপার্থক্য কতটা প্রকট হয়, সেটাই এখন দেখার।
তারেক রহমানের সঙ্গে বৈঠক কেন গুরুত্বপূর্ণ?
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হিংসা, অগ্নিসংযোগ এবং বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে। আওয়ামী লিগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন। তাঁর লক্ষ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলিকে এক জায়গায় এনে জাতীয় ঐক্য গড়ে তোলা। কিন্তু NCP-র বক্তব্য, শুধুমাত্র বৈঠক করলেই জাতীয় ঐক্য তৈরি হবে না। জুলাই চার্টার বাস্তবায়ন, আন্দোলনে নিহতদের বিচার এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের মতো বিষয়গুলিতে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে।
গ্রেফতার তানিয়া আখতার তাপসী, আওয়ামী লিগে বড় ধাক্কা?
এদিকে, বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের মধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন ছাত্রনেত্রী তানিয়া আখতার তাপসীকে। তানিয়া বাংলাদেশের ছাত্র লিগের কেন্দ্রীয় কমিটির নেত্রী ছিলেন। সংগঠনের প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্বও সামলেছেন তিনি। ২২ নভেম্বর গাজীপুরের টঙ্গি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সশেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে আওয়ামী লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রশাসনের ধরপাকড় আরও জোরদার হয়েছে। ইতিমধ্যে ৫০০-র বেশি নেতা-কর্মীকে গ্রেফতার বা আটক করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
২৯ ও ৩০ নভেম্বর বাংলাদেশে বন্ধের ডাক
আওয়ামী লিগের তরফে আগামী ২৯ ও ৩০ নভেম্বর ৪৮ ঘণ্টার দেশব্যাপী বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঢাকা-সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানোর খবর সামনে এসেছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিসেম্বরেই কি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা?
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। এবার ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু তাঁর প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে একাধিক জটিলতা। একদিকে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়, অন্যদিকে বাংলাদেশ সরকারের অবস্থান এবং প্রত্যর্পণ সংক্রান্ত কূটনৈতিক প্রশ্ন। হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
বাংলাদেশের রাজনীতিতে এবার কোন দিকে মোড়?
একদিকে তারেক রহমানের জাতীয় ঐক্যের উদ্যোগ, অন্যদিকে NCP-র একাধিক শর্ত। তার উপর আওয়ামী লিগের নেতা-কর্মীদের গ্রেফতার এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। তারেক রহমান ও নাহিদ ইসলামের বৈঠক থেকে কী বার্তা বেরিয়ে আসে, তা শুধু BNP বা NCP নয়, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।
















