Bangladesh Election: ভোটের ফল প্রকাশ হতে দেরি হতে পারে বাংলাদেশে! কবে হবে ফলাফল প্রকাশ?

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাড়তি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সাধারণ নির্বাচনের পাশাপাশি এ বার গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। এই কারণেই ভোটগণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচন কমিশনার মহম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এর আগে বাংলাদেশে গণভোট হয়েছে, কিন্তু সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট এই প্রথম। নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ভোটগ্রহণের পরের দিন শুক্রবার সকালেই গণনা শেষ করে ফল ঘোষণা করার কথা। তবে বাস্তব পরিস্থিতি অনুযায়ী ফল প্রকাশ বিকেল পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 এ বার সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালটের ব্যবস্থা করেছে কমিশন। ভোটারেরা একই সঙ্গে দু’টি ব্যালটে ভোট দেবেন। গণভোটের ব্যালট থাকবে আলাদা রঙের। গণনার সময়েও সংসদ নির্বাচন ও গণভোট—দু’টি ব্যালটই একসঙ্গে গোনা হবে এবং ফলও একসঙ্গেই ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের মতে, একটি ফল আগে এবং অন্যটি পরে ঘোষণা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই কারণেই একসঙ্গে গণনা ও ফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, দু’টি ব্যালটে একসঙ্গে ভোট হওয়ায় এবং পোস্টাল ব্যালটের গণনার কারণে সময় বেশি লাগবে। কেন্দ্রের গণনা শেষ হলেও রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের হিসাব করতে কিছুটা সময় প্রয়োজন হবে। এক জন রিটার্নিং অফিসারের অধীনে একাধিক আসন থাকলে সেই সময় আরও বাড়তে পারে।

 বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ বার মোট ২৯৯টি আসনে ভোট হচ্ছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীর সংখ্যা ২০২৮ জন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৮৩ জন। এর মধ্যে ২০ জন মহিলা কোনও দলের টিকিট ছাড়াই স্বতন্ত্রভাবে লড়ছেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের অন্যতম লক্ষ্য ছিল দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। সব মিলিয়ে গণভোটের সঙ্গে সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করতে চলেছে। এখন সবার নজর ভোটগ্রহণ ও ফল ঘোষণার দিকে।