মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত 'প্রায় শেষের পথে'। যদিও আলোচনা এখনও থমকে আছে। তিনি বিশ্বাস করেন, তেহরান 'ভীষণভাবে' একটি চুক্তি করতে চাইছে। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত "প্রায় শেষের পথে"। যদিও পশ্চিম এশিয়ায় এই উত্তেজনা পুরোপুরি মেটানোর জন্য তেহরানের সঙ্গে আলোচনায় এখনও জট কাটেনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে বেশ আশাবাদী শোনান। এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জল্পনা চলছে। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, "আমার মনে হয় এটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি বিষয়টিকে সেভাবেই দেখছি।"
'চুক্তি করতে মরিয়া তেহরান', দাবি ট্রাম্পের
তিনি আরও বলেন, আমেরিকা কৌশলগতভাবে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে। তাঁর কথায়, "আমি যদি এখনই সবকিছু থেকে হাত গুটিয়ে নিই, তাহলে ওই দেশটাকে আগের অবস্থায় ফেরাতে ওদের ২০ বছর লেগে যাবে। আর আমরা এখনও কাজ শেষ করিনি, তবে দেখা যাক কী হয়।" মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে তেহরান "ভীষণভাবে" একটি চুক্তি করতে চাইছে। "আমার মনে হয় ওরা মরিয়া হয়ে একটা চুক্তি করতে চায়।"
দ্বিতীয় দফার বৈঠকের জল্পনা
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ার জল্পনার মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করলেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে পারে।
সিএনএন সূত্রের খবর উদ্ধৃত করে জানিয়েছে, ওয়াশিংটন ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের বিষয়টি বিবেচনা করছে। এই বৈঠকেও সম্ভবত মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম উঠে আসছে।
সিএনএন-এর রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাই জ্যারেড কুশনারও এই সম্ভাব্য বৈঠকে যোগ দিতে পারেন। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তাঁরা কূটনৈতিক আলোচনার দায়িত্বে রয়েছেন।
চলমান সংঘাত শেষ করার জন্য একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার দায়িত্ব ট্রাম্প তাঁর এই তিন সিনিয়র উপদেষ্টাকেই দিয়েছেন। সম্প্রতি ২১ ঘণ্টা ধরে আলোচনার পরেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। তবে তারপরও ভ্যান্স, উইটকফ এবং কুশনার ইরানি কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
তবে, কর্মকর্তারা এখনও দ্বিতীয় দফার বৈঠকের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছেন এবং কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক মার্কিন কর্মকর্তা সিএনএন-কে বলেন, "ভবিষ্যতে আলোচনার কথা চলছে, তবে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ ঠিক হয়নি।"


