বিমানের মধ্যেই দুই যাত্রীর মধ্যে তুমুল হাতাহাতি। লন্ডন থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুই পুরুষ যাত্রীর মধ্যে প্রথমে বচসা, পরে তা হাতাহাতিতে গড়ায়। গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিমানের মধ্যেই দুই যাত্রীর মধ্যে তুমুল হাতাহাতি। লন্ডন থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুই পুরুষ যাত্রীর মধ্যে প্রথমে বচসা, পরে তা হাতাহাতিতে গড়ায়। গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যাত্রী প্রথমে একে অপরের সঙ্গে তর্ক করছেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁরা পরস্পরকে ঘুষি মারতে শুরু করেন। মারামারির সময় এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়।
ঘটনাটি বিমানের মাঝ আকাশে ঘটে বলে জানা গিয়েছে। দুই যাত্রীর হাতাহাতি দেখে বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে শিশু এবং বয়স্ক যাত্রীরাও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের কেবিন ক্রু এবং অন্য যাত্রীরা এগিয়ে আসেন। তাঁরা দুই যাত্রীকে আলাদা করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
ঘটনাটি ঠিক কখন ঘটেছে, দুই যাত্রীর মধ্যে বচসার সূত্রপাত কী নিয়ে এবং তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, বাংলাদেশ বিমান-এর জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মাহবুবউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি এই ঘটনার বিষয়ে এখনও অবগত নন। ঢাকা ট্রিবিউনকে তিনি বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিমানযাত্রীদের নিরাপত্তা এবং মাঝ আকাশে যাত্রীদের মধ্যে হাতাহাতির মতো ঘটনা কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
