মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা ভ্যান্স তাঁদের চতুর্থ সন্তানকে স্বাগত জানালেন। ভ্যান্সের স্ত্রী উষা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শিশুটির জন্ম হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা ভ্যান্স তাঁদের চতুর্থ সন্তানকে স্বাগত জানালেন। ভ্যান্সের স্ত্রী উষা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শিশুটির জন্ম হয়। ‘এক্স’ (X)-এ এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়ে জেডি ভ্যান্স বলেন, "উষা ও শিশুটি ভালো ও সুস্থ আছে এবং আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত।" দম্পতি ওয়াল্টার রিড ও হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ; কারণ গত ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনও ক্ষমতাসীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালনকালে সন্তানের বাবা হলেন। অ্যালেক এই দম্পতির আগের তিন সন্তানের সঙ্গে যুক্ত হল। ২০১৭ সালে জন্ম নেওয়া ছেলে ইওয়ান, ২০২০ সালে জন্ম নেওয়া ছেলে বিবেক এবং ২০২১ সালে জন্ম নেওয়া মেয়ে মিরাবেল।

ওহাইও-র বাসিন্দা জেডি ভ্যান্সের সঙ্গে ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষার পরিচয় হয় ইয়েল ল স্কুলে পড়ার সময়। ২০১৩ সালে তাঁরা দুজনেই স্নাতক সম্পন্ন করেন এবং পরের বছর এক আন্তঃধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যেখানে একজন হিন্দু পুরোহিত ও একজন ক্যাথলিক যাজক বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেছিলেন।

চতুর্থ সন্তানের জন্য উষাকে যেভাবে রাজি করিয়েছিলেন ভ্যান্স

চলতি বছরের শুরুর দিকে মিশিগানে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ভ্যান্স চতুর্থ সন্তান নেওয়ার বিষয়ে উষাকে রাজি করানোর একটি মজার ঘটনা তুলে ধরেন। ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগের কথোপকথন স্মরণ করে ভ্যান্স বলেন, "আমি উষাকে বলেছিলাম, প্রিয়, আমি সত্যিই চতুর্থ একটি সন্তান চাই।' সে উত্তরে বলেছিল, 'ঠিক আছে, তবে তুমি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হতে পারবে, নয়তো চতুর্থ সন্তানের বাবা হতে পারবে—দুটো একসঙ্গে সম্ভব নয়।" হাসিমুখে তিনি আরও বলেন, "নিজের ইচ্ছামতো কাজ করিয়ে নেওয়ায় আমি বেশ পটু, কারণ আজ আমার কাছে দুটোই আছে।"

ভারতীয় বংশোদ্ভূত শ্বশুরবাড়ির সদস্যদের প্রশংসা

ভ্যান্স প্রায়ই তাঁর ভারতীয় বংশোদ্ভূত শ্বশুরবাড়ির সদস্যদের সম্পর্কে উষ্ণ মন্তব্য করেছেন। চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে তিনি তাঁদের প্রশংসা করে বলেন, অভিবাসীরা কীভাবে যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছেন তার একটি উদাহরণ তাঁরা। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, মার্কিন নাগরিক হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দায়িত্বও পালন করতে হয়। "আমি ভারত থেকে আসা অভিবাসীদের এক কন্যাকে বিয়ে করেছি। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে খুব পছন্দ করি। তাঁরা চমৎকার মানুষ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।"