রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে কৃষ্ণসাগর দিয়ে কৃষিপণ্য রফতানি ব্যাহত হওয়া নিয়ে কড়া সতর্কতা জারি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, এর ফলে ভারত, আলজেরিয়া, সুদান থেকে শুরু করে ইন্দোনেশিয়ার মতো অনেক দেশের কোটি কোটি মানুষের খাদ্য সরবরাহ বিপদে পড়ছে।
কৃষ্ণসাগর দিয়ে কৃষিপণ্য রফতানি ব্যাহত হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে এই রফতানি ধাক্কা খাচ্ছে। এর প্রভাব শুধু ওই অঞ্চলেই আটকে নেই, গোটা বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্য সরবরাহ বিপদে পড়ছে। ‘ফুড ফ্রম ইউক্রেন সামিট’-এ বক্তব্য রাখার সময় জেলেনস্কি বলেন, রাশিয়ার যুদ্ধের কারণে কৃষ্ণসাগর দিয়ে কৃষিপণ্য রফতানি ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। শস্য, আটা, সূর্যমুখী তেলের মতো ইউক্রেনীয় পণ্যের উপর নির্ভরশীল দেশগুলো চরম সমস্যার মুখে পড়ছে।
রাশিয়ার যুদ্ধের কারণে ভারতে খাদ্য সংকট: জেলেনেস্কি
জেলেনস্কি বলেন, “এখন, রাশিয়ার যুদ্ধের কারণে কৃষ্ণসাগর অঞ্চল থেকে কৃষিপণ্য রফতানি অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া—অনেক দেশের কোটি কোটি মানুষের খাবার এগুলো।” বিশ্বের খাদ্য সরবরাহে ইউক্রেনের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ইউক্রেনের কৃষক ও উৎপাদকরা আন্তর্জাতিক বাজারে ডজনখানেক কৃষিপণ্য জোগান দেয়। রফতানি ব্যাহত হলে বাজারে ঘাটতি দেখা দেবে, দাম বাড়বে। তিনি বলেন, “আমাদের কৃষক ও উৎপাদকরা শস্য, আটা থেকে শুরু করে সূর্যমুখী তেল এবং আরও অনেক পণ্য বিশ্বজুড়ে সরবরাহ করে। গোটা বিশ্ব এগুলোর উপর নির্ভরশীল। এগুলো না থাকলে ঘাটতি দেখা দেবে, দাম বাড়বে।”
ইউক্রেন নিয়ে জেলেনেস্কির দাবি
জেলেনস্কি জানান, ইউক্রেন কৃষিপণ্য রফতানি স্বাভাবিক করতে মরিয়া। ‘সলিডারিটি লেন’ সচল রাখতে ইউরোপের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তারা কাজ করছে, যাতে ইউক্রেনীয় কৃষিপণ্য গোটা ইউরোপে পৌঁছতে পারে। “ইউরোপের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে আমরা ‘সলিডারিটি লেন’ সচল রাখার চেষ্টা করছি। আরব পার্টনার, তুরস্ক এবং আরও অনেক দেশের সঙ্গে আমরা কাজ করছি, যাতে বিশ্বের প্রয়োজনীয় ইউক্রেনীয় পণ্য রফতানি করা যায়,” বলেন তিনি। তিনি আরও জোর দিয়ে বলেন, ইউক্রেনের কৃষক ও উৎপাদকদের জন্যও রফতানির এই পথগুলো খোলা রাখা জরুরি। কারণ রফতানি থেকে আসা টাকাতেই তারা পরের বছরের ফসল বুনতে পারবে। জেলেনস্কি বলেন, “আমাদের কৃষক ও উৎপাদকদেরও এই পণ্যগুলো রফতানি করা দরকার, যাতে তাদের হাতে পরের বছরের ফসল ফলানোর মতো টাকা ও সম্পদ থাকে।”
জেলেনেস্কির সতর্কতা
যুদ্ধের প্রথম বছরেই ইউক্রেন ‘ফুড ফ্রম ইউক্রেন’ কর্মসূচি চালু করেছিল। এর আওতায় ইয়েমেন, ইথিওপিয়া, সুদানের মতো দেশে লাখ লাখ টন খাদ্য পাঠানো হয়েছে। সে কথাও মনে করিয়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি বলেন, “যুদ্ধের প্রথম বছরে আমরা ‘ফুড ফ্রম ইউক্রেন’ কর্মসূচি চালু করি। এর মাধ্যমে ইয়েমেন, ইথিওপিয়া এবং সুদানের মতো দেশে লাখ লাখ টন খাবার পৌঁছে দিয়েছি। সিরিয়ার মানুষেরও আমরা সাহায্য করেছি। এত যুদ্ধের বীভৎসতার পর আমরা সত্যি চাই তারা ঘুরে দাঁড়াক।”
আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, যেসব দেশ কৃষিক্ষেত্রে সমস্যার মুখে পড়ছে, তাদের সঙ্গে ইউক্রেন নিজেদের খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এই সংঘাতের আন্তর্জাতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি ডিকার্লো সতর্ক করে বলেন, এই সংঘাতের জেরে শুধু ওই অঞ্চলেই নয়, গোটা বিশ্বে খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়ছে।
সোমবার নিরাপত্তা পরিষদের একটি অধিবেশনে ডিকার্লো বলেন, কৃষ্ণসাগরে ড্রোন হামলা সাধারণ নৌ-চলাচলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এর জেরে দরকারি দেশগুলোতে শস্য ও খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “কৃষ্ণসাগরে ড্রোন হামলা সাধারণ নৌ-চলাচলে বিপদ বাড়াচ্ছে। এর প্রভাব শুধু ওই অঞ্চলেই আটকে নেই, শস্য ও অন্যান্য খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে।”
ভারতের দাবি
একই অধিবেশনে ভারতও সামুদ্রিক পথ সুরক্ষিত রাখার এবং নিরবচ্ছিন্ন খাদ্য ও ত্রাণ সরবরাহের পক্ষে সওয়াল করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বিশ্ব খাদ্য নিরাপত্তায় কৃষ্ণসাগরের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি সব দেশকে ত্রাণ সরবরাহ, সাধারণ মানুষের জন্য তৈরি পরিকাঠামো এবং অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার আহ্বান জানান। হরিশ বলেন, কৃষ্ণসাগরের খাদ্য সরবরাহ পথ সুরক্ষিত করতে ভারতের দায়বদ্ধতার মূলে রয়েছে এটা বোঝা যে, ভারতের মতোই ওই অঞ্চল বিশ্বের অন্যতম বড় খাদ্য উৎপাদক। “কৃষ্ণসাগরের শস্যভাণ্ডার এবং ভারত—এই দুই মিলে বিশ্বের মোট খাদ্যশস্য উৎপাদনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হয়,” বলেন তিনি।
বাংলার দুর্ভিক্ষের সঙ্গে তুলনা রাশিয়ার যুদ্ধকে
১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের কথা তুলে ধরে ভারত সতর্ক করেছে, ইউক্রেন সংঘাতের জেরে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে ব্যাঘাত ঘটলে গ্লোবাল সাউথের দেশগুলোর উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। হরিশ নিরাপত্তা পরিষদকে বলেন, “রাশিয়া ও ইউক্রেন বিশ্ব খাদ্য নিরাপত্তায় কতটা গুরুত্বপূর্ণ, সেটাই প্রমাণ করে যে কৃষিপণ্য উৎপাদন, সামুদ্রিক যোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হলে তার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে।” খাদ্য, জ্বালানি ও সারের নিরাপত্তার বিষয়টি ভারতের বৃহত্তর কূটনৈতিক আলোচনাতেও উঠে এসেছে।
গত সপ্তাহে ফিলিপিন্সের ম্যানিলায় ২১তম ইস্ট এশিয়া সামিট (EAS)-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি “অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল”-এর পক্ষে সওয়াল করেন। পাশাপাশি বিশ্বমঞ্চে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে সদস্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে তৈরি হওয়া সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বিশ্বজুড়ে সঙ্কটের বৃহত্তর অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে খাদ্য, জ্বালানি ও সারের নিরাপত্তায় তার প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, “সঙ্কট ও সংঘাতের যুগে” শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বড় আন্তর্জাতিক সংঘাত নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থান আরও একবার স্পষ্ট করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টাকে ভারত সমর্থন করে।”














