৭২ বছরের এক বৃদ্ধ টানা কাশির সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তাঁর ফুসফুসে টিউমার হয়েছে। কিন্তু ভাল করে পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ!
৭২ বছরের এক বৃদ্ধ। টানা কাশি আর ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। বাধ্য হয়ে হাসপাতালে যান তিনি। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ফুসফুসে টিউমার হয়েছে। কিন্তু এরপর বিস্তারিত পরীক্ষা করতে গিয়েই চমকে ওঠেন তাঁরা। শ্বাসনালীতে প্রায় তিন বছর ধরে আটকে থাকা জিনিসটা আসলে কোনও টিউমার নয়, একটা আস্ত দাঁত! আর সেটাই বারবার সংক্রমণ ঘটাচ্ছিল। গত ৩১ অক্টোবর, ২০২৬ তারিখে 'দ্য ইজিপশিয়ান জার্নাল অফ ব্রঙ্কোলজি'-তে এই অবাক করা ঘটনার কথা ছাপা হয়েছে।
টানা কাশি আর বারবার সংক্রমণ
কফযুক্ত কাশি আর ফুসফুসের সংক্রমণে বৃদ্ধ বেশ কয়েক মাস ধরে কষ্ট পাচ্ছিলেন। অনেকবার অ্যান্টিবায়োটিক খেয়েও কোনও লাভ হয়নি। তাঁর হার্টের সমস্যা থাকলেও, পরিবারে কারও ক্যানসারের ইতিহাস ছিল না। অন্যদিকে, তাঁর ওজন কমে যাওয়া, জ্বর, রাতে ঘাম হওয়া বা কফের সঙ্গে রক্ত পড়ার মতো কোনও সমস্যাও ছিল না বলে রিপোর্টে বলা হয়েছে।
টিউমার ভেবে অপারেশন, মিলল দাঁত
এরপর হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়। ডান ফুসফুসের নিচের দিকের ছোট শ্বাসনালীতে কিছুটা বাধা আর ফোলা ভাব দেখতে পান চিকিৎসকরা। ব্রঙ্কোস্কোপি করে দেখা যায়, রক্তনালীতে ভরা লাল রঙের একটা মাংসপিণ্ড শ্বাসনালীকে পুরোপুরি আটকে রেখেছে। চিকিৎসকদের সন্দেহ হয়, এটা কার্সিনয়েড টিউমার হতে পারে। এরপর স্নেয়ার আর ক্রায়োপ্রোব দিয়ে ওই মাংসপিণ্ড কাটার সময় নিচে একটা শক্ত সাদা জিনিস দেখতে পান তাঁরা। ক্রায়োপ্রোব দিয়ে জিনিসটা ঠিক কী, তা বোঝা যাচ্ছিল না। শেষে ফোরসেপস আর রিট্রিভাল বাস্কেট দিয়ে জিনিসটা টেনে বের করতেই চিকিৎসকদের চোখ কপালে ওঠে। ওটা আসলে একটা দাঁত ছিল!
তিন বছর আগে আটকে যায়
পরে খোঁজখবর নিতে গিয়ে বৃদ্ধ মনে করতে পারেন, তিন বছর আগে একবার অজ্ঞান হয়ে যাওয়ার সময় তাঁর একটা দাঁত পড়ে গিয়েছিল। গবেষকদের ধারণা, সেই সময়ই দাঁতটা শ্বাসনালীতে ঢুকে যায়। প্রথম সিটি স্ক্যানে দাঁতের মতো একটা দাগ দেখা গেলেও, চিকিৎসকরা সেটা খেয়াল করেননি। রিপোর্টে বলা হয়েছে, বের করে আনা কোষে পরীক্ষা করে কোনও ক্যানসার পাওয়া যায়নি। দাঁতটা যেখানে আটকে ছিল, সেখানে শুধু একটু ফোলা ভাব ছিল। চিকিৎসার পর তাঁর কাশি কমে যায় এবং শ্বাসনালীও আবার স্বাভাবিকভাবে খুলে যায়।




