Vijaya Dashami Sweet: দশমীতে মন ভারাক্রান্ত থাকে। আর মিষ্টিমুখ সেই বিষাদেই প্রলেপ মাখায়। নিমকি-ঘুগনির পাশাপাশি এবার দশমীর টেবিলে থাকুক নরম তুলতুলে মালাই চপ। রইল একদম দোকানের মতো মালাই চপের সহজ রেসিপি।

Vijaya Dashami Sweet: বিজয়া দশমী মানেই কোলাকুলি, প্রণাম আর মিষ্টিমুখ। দোকান থেকে মিষ্টি তো আসবেই, কিন্তু এবার নিজের হাতে বানিয়ে চমকে দিন সবাইকে। রইল পুজোর স্পেশাল মালাই চপের রেসিপি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে।

চপ তৈরির উপকরণ:

- ১ কাপ গুঁড়ো দুধ

- ১/২ টেবিল চামচ বেকিং পাউডার

- ১/২ টেবিল চামচ ময়দা

- ১ টেবিল চামচ চিনি

- ১টা ডিম

- ১/২ টেবিল চামচ ঘি

- এক চিমটে এলাচ গুঁড়ো

মালাই তৈরির জন্য:

- ১ লিটার দুধ (ফুল ফ্যাট)

- ১ কাপ চিনি (স্বাদ অনুযায়ী)

- ২-৩টে এলাচ

- ১/২ টেবিল চামচ গোলাপ জল

- ১/২ টেবিল চামচ কেওড়া জল

- এক মুঠো পেস্তা ও আমন্ড কুচি

বানানোর পদ্ধতি:

প্রথম চপ তৈরি করুন:

একটি পাত্রে গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ময়দা, চিনি ও এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে ঘি ও ফেটানো ডিম দিয়ে নরম করে মেখে নিন। খেয়াল রাখবেন ডো যেন বেশি শক্ত না হয়। ৫ মিনিট ঢেকে রেখে দিন। এবার ছোট ছোট লেচি কেটে চপের আকারে গড়ে নিন।

মালাই তৈরি:

একটি ভারী তলার কড়াইতে ১ লিটার দুধ নিয়ে ফোটাতে থাকুন। দুধ ফুটে অর্ধেক হয়ে এলে তাতে চিনি ও এলাচ দিয়ে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে মালাইয়ের মতো হলে আঁচ কমিয়ে দিন।

চপ ও মালাইয়ের মিলন:

এবার ঘন দুধের মধ্যে এক এক করে চপগুলো ছেড়ে দিন। ঢাকা দিয়ে ১০-১২ মিনিট মাঝারি আঁচে ফুটতে দিন। চপগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। বেশি নাড়বেন না, তাহলে ভেঙে যেতে পারে।

ফিনিশিং টাচ:

চপ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। উপর থেকে গোলাপ জল, কেওড়া জল ছড়িয়ে দিন। ঠান্ডা হলে ফ্রিজে ১ ঘণ্টা রেখে দিন, তাতে মালাই আরও ভালোভাবে টানবে। পরিবেশনের আগে উপর থেকে পেস্তা ও আমন্ড কুচি ছড়িয়ে দিন।

টিপস: ডিম খেতে না চাইলে ডিমের বদলে ২ টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর চপ ভাজার দরকার নেই, সরাসরি মালাইতেই সেদ্ধ হবে, তাই একদম নরম তুলতুলে হবে।

এই দশমীতে আপনার হাতের মালাই চপই হোক সবার মুখে হাসির কারণ। শুভ বিজয়া!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।