রোজ রোজ একঘেয়ে চিকেন কষা নয়, দুপুরের পাতে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মুরগি পোস্ত। কম তেলে তৈরি এই পদটি সুস্বাদু হওয়ার পাশাপাশি প্রোটিনে ভরপুর। রইল সহজ রেসিপি।

বাঙালির রান্নাঘরে পোস্তর কদরই আলাদা। কিন্তু আলু পোস্ত, ঝিঙে পোস্তর বাইরেও যে পোস্ত দিয়ে দারুণ চিকেন হয়, তা অনেকেই জানেন না। এই মুরগি পোস্ত রান্নাটা শুধু যে মুখরোচক তাই নয়, ফিটনেসের দিক থেকেও অনেকটা এগিয়ে। কারণ পোস্ততে রয়েছে প্রচুর ফাইবার, ক্যালসিয়াম ও হেলদি ফ্যাট, যা হজমে সাহায্য করে। আর মুরগির মাংস হল লিন প্রোটিনের সেরা উৎস। বেশি তেল-মশলা ছাড়াই মাত্র ৩০ মিনিটে তৈরি হয়ে যায় এই পদ।

উপকরণ:

১. মুরগির মাংস - ৫০০ গ্রাম

২. পোস্ত - ৭৫ গ্রাম

৩. টক দই - ৫০ গ্রাম

৪. পেঁয়াজ কুচি - ২টো মাঝারি মাপের

৫. আদা বাটা - ১ চা চামচ

৬. রসুন বাটা - ১ চা চামচ

৭. কাঁচা লঙ্কা - ৪-৫ টা

৮. হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ

৯. লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

১০. সরষের তেল - পরিমাণ মতো

১১. নুন - স্বাদমতো

১২. চিনি - সামান্য

১৩. গোটা গরম মশলা - ছোট এলাচ ৩টে, দারচিনি ১ ইঞ্চি, লবঙ্গ ৩-৪টে ও গোটা গোলমরিচ ৪-৫টা

প্রণালী:

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে তার মধ্যে টক দই, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা-রসুন বাটা ও নুন মাখিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এতে মাংস নরম হবে এবং মশলা ভিতরে ঢুকবে। অন্যদিকে পোস্তটা ১০ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে তার সঙ্গে ৩-৪টে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিতে হবে।

এরপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ ফোড়ন দিতে হবে। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষতে থাকুন। মাংস থেকে জল বেরিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন পোস্ত বাটাটা দিয়ে আরও ৫-৭ মিনিট কষাতে হবে।

মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন হলে সামান্য গরম জল দেওয়া যেতে পারে। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এলে উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল ও দুটো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে ২ মিনিট দমে রাখলেই তৈরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর জমজমাট মুরগি পোস্ত।